রূপপুরে প্রথম ইউনিটে ‘ফিজিক্স টেস্ট’ সম্পন্ন

পাবনা প্রতিনিধি

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটের ‘বি-২’ ধাপের ‘ফিজিক্স টেস্ট’সহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

পরীক্ষাগুলোর চূড়ান্ত প্রতিবেদন ইতোমধ্যে নিয়ন্ত্রক সংস্থা ‘বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’ (বায়েরা)-র কাছে জমা দেওয়া হয়েছে। বায়েরার চূড়ান্ত অনুমোদন পেলেই বিদ্যুৎ উৎপাদন শুরুর (পাওয়ার স্টার্টআপ) লক্ষ্যে ইউনিটটি কাঙ্ক্ষিত ‘সি’ পর্যায়ে প্রবেশ করবে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল রবিবারের মধ্যেই বিদ্যুৎ উৎপাদনের এ বিশেষ কার্যক্রম শুরু হতে পারে।

প্রকল্প সূত্র জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে এবং প্রক্রিয়ার সফলতার সাথে সাথে উৎপাদন ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আশা করা হচ্ছে, বিদ্যুৎ উৎপাদন ৩০ থেকে ৩৫ শতাংশে পৌঁছালেই তা জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হবে। সেই হিসাবে চলতি বছরের শেষ নাগাদ রূপপুর থেকে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সার্বিক বিষয়ে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, ইউনিট-১ এর বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ সব ধরনের পরীক্ষা সফলভাবে শেষ করে গত বুধবার বায়েরার কাছে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। অনকূল অনুমোদন পেলেই আমরা ‘সি’ স্টেজে প্রবেশ করে পাওয়ার স্টার্টআপ প্রক্রিয়ায় চলে যাব। প্রতিটি ধাপ সফলভাবে সম্পন্ন করে পরবর্তী ধাপে উত্তরণের ওপর পুরো বিষয়টি নির্ভর করছে।

এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বর্তমান পরিস্থিতি, প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপ তথা ফার্স্ট ক্রিটিক্যাল পর্বের সাফল্য এবং সার্বিক অগ্রগতি পর্যালোচনা করতে সম্প্রতি বাংলাদেশ সফর করেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন ‘রোসাটম’-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। গত ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এই সফরে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রোসাটমের পারমাণবিক বিদ্যুৎবিষয়ক প্রথম উপ-মহাপরিচালক এবং প্রকৌশল শাখা ‘অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট’ (এএসই)-এর প্রেসিডেন্ট আন্দ্রেই পেত্রোভ। সফরে রূপপুর প্রকল্প এলাকায় একাধিক কার্যকরী বৈঠকের পাশাপাশি ঢাকার উচ্চপর্যায়েও গুরুত্বপূর্ণ বৈঠক অংশগ্রহণ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights