নিঝুম দ্বীপে ৫ শতাধিক জেলেকে সরকারি সহায়তা থেকে বঞ্চিত করার অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নে নিবন্ধিত ৫ শতাধিক জেলেকে সরকারি সহায়তা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে মৎস্য অফিসের বিরুদ্ধে। নিবন্ধিত জেলেদের কার্ড নিয়ে যাওয়ায় তাঁরা সরকারের দেওয়া চাল পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছেন জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক ভিপি আলাউদ্দিন।
রবিবার রাতে নিঝুম দ্বীপ ইউনিয়ন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কমিটি গঠন উপলক্ষে নোয়াখালীর সদর উপজেলার কিল্লার হাট বাজারে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পরে আনুষ্ঠানিকভাবে নিঝুম দ্বীপ ইউনিয়ন কমিটি ঘোষণা করেন তিনি।
ভিপি আলাউদ্দিন বলেন, নিবন্ধিত জেলেদের কার্ড নিয়ে যাওয়া ঠিক হয়নি। এর ফলে ৫০০ থেকে ৬০০ জেলে সরকারের এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। নিবন্ধিত সব জেলেকে সরকারের উপহারের চাল দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জেলেদের নিবন্ধিত কার্ড অত্যন্ত মূল্যবান। দেশের যেকোনো স্থানে বিপদে-আপদে এই কার্ড তাঁদের পেশাগত পরিচয় বহন করে। বর্তমানে ২২ দিন মাছ ধরা বন্ধ থাকায় অধিকাংশ জেলে বেকার সময় পার করছেন। কিল্লার হাট এলাকার প্রায় ৯০ শতাংশ মানুষ জেলে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় জেলে ও মৎস্যজীবী সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন হাতিয়া উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ওসমান গনি, সদস্যসচিব মোহাম্মদ আব্দুল কাইয়ুম, বিএনপি নেতা মাসুদ, ছাত্রদল নেতা সোহাগ, স্বেচ্ছাসেবক দল নেতা স্বপন এবং নিঝুম দ্বীপ ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক মিরাজ উদ্দিন মাঝি। এ সময় জেলে সম্প্রদায়ের অনেকে উপস্থিত ছিলেন।
এই বিষয়ে জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা মো. হারুনুর রশিদ বলেন, এবার বরাদ্দ কম আশায় নিবন্ধনকৃর্ত সব জেলেকে চাল দেওয়া সম্ভব হয়নি। নিবন্ধনকৃর্ত জেলেদের জন্য আমরা অতিরিক্ত বরাদ্দ দেওয়ার জন্য কেন্দ্রীয় অফিসকে জানাবো।
