সীমান্তে ভ্যানচালককে মারধর, বিএসএফকে ক্ষমা চাইতে বিজিবির কড়া বার্তা
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর এলাকায় এক ভ্যানচালককে মারধরের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় বিএসএফকে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে এমন আচরণ না করার আহ্বান জানিয়েছেন বিজিবির এক সদস্য। দুই বাহিনীর সদস্যদের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শনিবার (২৪ অক্টোবর) ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিজিবি সদস্যের দৃঢ় অবস্থানের প্রশংসা করছেন অনেকে।
ভিডিওতে দেখা যায়, ভ্যানচালককে মারধরের ঘটনায় বিএসএফ সদস্যদের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন বিজিবির এক সদস্য। তিনি বিএসএফ সদস্যদের ভুল স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার আহ্বান জানান।
এ সময় বিজিবির ওই সদস্যকে বলতে শোনা যায়, ‘আপনারা অশান্তির কাজ করছেন। আপনারা ভুল স্বীকার করেন যে এরপর আর এরকম হবে না।’
কথোপকথনের একপর্যায়ে তিনি তিনবিঘা করিডোর এলাকার মানুষের সাহসিকতার কথাও তুলে ধরেন। এর আগে দহগ্রামের বাসিন্দারা বিএসএফের এক সদস্যকে অস্ত্রসহ আটক করে বিজিবির কাছে নিয়ে এসেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
ভিডিওতে বিএসএফের এক সদস্যকে শান্তিপূর্ণভাবে থাকার কথা বলতে শোনা যায়। এ সময় ভ্যানচালককে মারধরে জড়িত বিএসএফ সদস্য ছুটিতে গেছেন বলেও জানানো হয়। তবে এতে সন্তুষ্ট না হয়ে বিজিবির ওই সদস্য ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে ক্ষমা চাওয়ার দাবি জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুই বাহিনীর সদস্যদের কথোপকথন নিয়ে আলোচনা চলছে। তবে ভিডিওতে থাকা সদস্যদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, গত ২০ অক্টোবর তিনবিঘা করিডোর দিয়ে পারাপারের সময় এক ভ্যানচালককে মারধরের ঘটনা ঘটে। পরদিন ২১ অক্টোবর পতাকা বৈঠকে বিষয়টি উত্থাপন করে বিএসএফের কাছে প্রতিবাদ জানায় বিজিবি।
