দক্ষিণ আফ্রিকা সিরিজেও অনিশ্চিত নাহিদ রানা
অনলাইন ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের ঘোষিত স্কোয়াডে নেই নাহিদ রানা। দ্বিতীয় টেস্টেও তাকে পাচ্ছে না বাংলাদেশ। ল্যাব্রাম ছিঁড়ে যাওয়ার চোটে পড়েছেন এই ডানহাতি পেসার। আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে নাহিদের গতির ঝড় দেখতে অপেক্ষার প্রহর আরো বাড়ছে।
নাহিদের শারীরিক অস্বস্তির কারণ জানতে সম্প্রতি অস্ট্রেলিয়ায় তার পরীক্ষা করানো হয়। এরপর ল্যাব্রামে চোটের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা। এর আগে ধারণা করা হয়েছিল, পিঠ ও শ্রোণি অঞ্চলের দুর্বলতায় ভুগছেন এই পেসার। তবে উন্নত মূল্যায়ন ও দ্বিতীয় মতামতের জন্য তাকে অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি।
শুক্রবার মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত বাংলাদেশের ১৫ সদস্যের দলে ছিলেন না নাহিদ। এবার পুরো সিরিজ থেকেই ছিটকে পড়ছেন তিনি।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে বিসিবির ওই কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ, (নাহিদের) ল্যাব্রাম ছিঁড়ে যাওয়ার চোট শনাক্ত হয়েছে। অস্ট্রেলিয়ায় তাকে ইতিমধ্যে ইনজেকশন দেওয়া হয়েছে এবং পুনর্বাসন কার্যক্রম শুরু করেছেন তিনি। শুক্রবার (৩০ অক্টোবর) থেকে তার বোলিং শুরু করার সম্ভাবনা রয়েছে।’
তবে বোলিংয়ে ফিরলেই যে দ্রুত ম্যাচ খেলার মতো অবস্থায় পৌঁছাবেন, তা নিশ্চিত নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের আগে নাহিদের সুস্থ হয়ে ওঠার বিষয়ে আশাবাদী নন বিসিবির ওই কর্মকর্তা। দ্বিতীয় টেস্টে তার খেলা নির্ভর করবে পুনর্বাসনে অগ্রগতি ও সুস্থতার গতির ওপর।
ওই কর্মকর্তা আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের আগে যদি সে সুস্থ হতে না পারে, তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারে।’
নাহিদের জন্য এটি চোটের কারণে আরেকটি বড় ধাক্কা। এর আগে গত জুলাইয়ে বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সময় গ্রেড-২ সাইড স্ট্রেইনে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই চোটের কারণে অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমস এবং আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি এই পেসার।
পুনর্বাসন চলাকালে নিতম্বের পেশিতেও নতুন করে চোট পান নাহিদ। ফলে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ থেকেও ছিটকে যান তিনি।আগামী ২৮ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। এরপর ১৫ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা রয়েছে দলের। সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নাহিদের অনুপস্থিতি বাংলাদেশের পেস আক্রমণে প্রভাব ফেলতে পারে। দক্ষিণ আফ্রিকা সফরের আগেও তার ফিটনেস নিয়ে অনিশ্চয়তা থাকায় আপাতত পুনর্বাসন শেষে মাঠে ফেরার অপেক্ষায় থাকতে হচ্ছে এই পেসারকে।
প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোহাম্মদ সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম।
