ফ্লোরিডার একটি বিশ্ববিদ্যালয়ের কাছে গুলিবর্ষণ, ৬ শিশুসহ আহত ১২
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টালাহাসিতে একটি স্টেডিয়ামের কাছে গুলিবর্ষণের ঘটনায় ছয় শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার গভীর রাতে ফ্লোরিডা এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের ব্র্যাগ মেমোরিয়াল স্টেডিয়ামের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
টালাহাসি পুলিশ বিভাগের প্রাথমিক তথ্য অনুযায়ী, আহত ১২ জনের মধ্যে ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন শিশু। আহতদের তিনজনের অবস্থা গুরুতর এবং বাকি নয়জনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।
টালাহাসি পুলিশপ্রধান লরেন্স রেভেল সাংবাদিকদের জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গুলিবর্ষণের আগে ঘটনাস্থলে মারামারি বা ঝগড়ার সূত্রপাত হয়। একটি ফুটবল খেলা শেষে জনাকীর্ণ এলাকায় এ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তবে গুলিবর্ষণের প্রকৃত কারণ এবং কারা এতে জড়িত, তা জানতে তদন্ত চলছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ফ্লোরিডা এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয় জানিয়েছে, গুলিবর্ষণের ঘটনাটি ক্যাম্পাসের কাছাকাছি এলাকায় ঘটেছে। তবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিরাপদ রয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।
