নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৪০

অনলাইন ডেস্ক

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় তারাবা অঙ্গরাজ্যের একটি গ্রামে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন।তবে অঙ্গরাজ্য কর্তৃপক্ষ নিহতের সংখ্যা ২৫ জন বলে জানিয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকালের মধ্যে কারিম-লামিডো লোকাল গভর্নমেন্ট এলাকার বিনারি গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

সেখানে সশস্ত্র ব্যক্তিরা গ্রামে ঢুকে বাসিন্দাদের ওপর গুলি চালায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। অন্যদিকে তারাবা অঙ্গরাজ্য সরকার জানায়, নিহতের সংখ্যা ২৫। এই ভিন্ন ভিন্ন তথ্যের সত্যতা তাৎক্ষণিকভাবে নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগ রয়েছে, সশস্ত্র ব্যক্তিরা খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও মোটরসাইকেল লুট করে নিয়ে যায় এবং এরপর বাড়িঘর ও দোকানে আগুন ধরিয়ে দেয়। এর ফলে বেঁচে যাওয়া বাসিন্দারা পার্শ্ববর্তী এলাকাগুলোতে পালিয়ে যেতে বাধ্য হন। এই হামলার ঘটনা তারাবা অঙ্গরাজ্যের গ্রামীণ এলাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তারাবা অঙ্গরাজ্যের গভর্নর আগবু কেফাস এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। তিনি নিরাপত্তা সংস্থাগুলোকে বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। অঙ্গরাজ্য সরকারের নিরাপত্তা পরিস্থিতি সামলানোর পদ্ধতি নিয়ে সমালোচনার মুখে, গভর্নরের পুনঃনির্বাচন প্রচারণামূলক পরিষদ রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছে। যেন তারা এই ট্র্যাজেডিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই হামলার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং ভবিষ্যতে সহিংসতার ঝুঁকিতে থাকা জনপদগুলোর সুরক্ষায় আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এই হত্যাকাণ্ড নাইজেরিয়ার দীর্ঘস্থায়ী নিরাপত্তা চ্যালেঞ্জগুলোকে সামনে নিয়ে এসেছে, যেখানে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী বিভিন্ন অঞ্চলে হামলা, অপহরণ ও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। এই সহিংসতার ফলে অনেক বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন এবং গ্রামীণ জনপদগুলোর সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হয়েছে।

সূত্র: রয়টার্স, সৌদি গেজেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights