পিএসসির সদস্য হলেন জুলাইয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার ছবি সরানো জাবির সেই অধ্যাপক

জাবি প্রতিনিধি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।

প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে অন্য যেকোনো পেশা বা ব্যবসা ত্যাগের শর্তে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।

সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুযায়ী, তিনি দায়িত্ব নেওয়ার দিন থেকে ৫ বছর বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া—এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত বিপিএসসির সদস্য পদে বহাল থাকবেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. শামীমা সুলতানা মুঠোফোনে বলেন, রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ পদে আমার ওপর আস্থা রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মেধা ও যোগ্যতার মূল্যায়ন নিশ্চিত করতে বিপিএসসির স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার সর্বাত্মক চেষ্টা করব।

উল্লেখ্য, গত জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সুদৃঢ় নৈতিক অবস্থান নিয়েছিলেন অধ্যাপক ড. শামীমা সুলতানা। অন্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত ও প্রতীকী প্রতিবাদ হিসেবে তিনি নিজের বিভাগীয় কার্যালয় থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলেছিলেন, যা আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা জুগিয়েছিল এবং শিক্ষক সমাজে সাহসিকতার এক অনন্য নজির স্থাপন করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights