নরসিংদীতে বাসে তল্লাশি চালিয়ে নারীর কাছে মিলল ১৪০ রাউন্ড গুলি
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪০ রাউন্ড কার্তুজ গুলিসহ এক নারীকে আটক করেছে রায়পুরা থানা পুলিশ। সোমবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে মাহমুদাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওই নারীর নাম স্বপ্না আক্তার (৪২)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী।
পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) ভোর ৪টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে যাত্রী স্বপ্না আক্তারের কাছ থেকে ১৪০ রাউন্ড কার্তুজ গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে পুলিশ।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, মহিলার কাছ থেকে উদ্ধার করা গুলিগুলো কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নেওয়া হচ্ছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় রায়পুরা থানায় একটি মামলা দায়ের করা হয় এবং বিকেলে তাকে নরসিংদীর আদালতে সোপর্দ করা হয়েছে।
