গাজীপুরে ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোঃ হাসমত উল্লাহ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রনি পাঠান (২৫) ও তাঁর সহযোগী নয়ন মিয়া (২৫)। রনি পাঠান শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এক পর্যায়ে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে রনি পাঠান ও তার বন্ধু নয়ন মিয়াকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অন্য কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. হাসমত উল্লাহ বলেন, দুই হাজার পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা রুজু করে আদালতে উপস্থাপন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights