নেত্রকোনায় এইচএসসিতে ৫ কলেজের কেউ পাস করেনি
নেত্রকোনা প্রতিনিধি
এইচএসসি পরীক্ষায় এবার নেত্রকোনার ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউই পাস করেনি। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবির আহাম্মদ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, জেলায় এবার মোট ১৩ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে মাত্র ৫ হাজার ৮৭৩ জন এবং অকৃতকার্য হয়েছে ৮ হাজার ৯৮ জন। সব মিলিয়ে জেলায় এবার পাসের হার ৪৩ দশমিক ৯১ শতাংশ। জেলার ৪৮টি প্রতিষ্ঠানের মোট ৭০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
ফলাফল শূন্য হওয়া ৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৩টি পূর্বধলা উপজেলার এবং কেন্দুয়া ও কলমাকান্দায় একটি করে প্রতিষ্ঠান রয়েছে। পূর্বধলার এ্যাম্বিশন মডেল কলেজ থেকে এ বছর ১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও তাদের সবাই ফেল করেছে। একই উপজেলার জুবাইদা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ থেকে ৭ জন শিক্ষার্থীর মধ্যে ৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে। গত বছরও এই প্রতিষ্ঠানের ৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে কেউই পাস করতে পারেনি। এছাড়া এ উপজেলার খালিশাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগের ৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করতে পারেনি।
অন্যদিকে, কলমাকান্দা মহিলা কলেজ থেকে এ বছর মানবিক বিভাগের ৩ শিক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেছে। জেলার কেন্দুয়া উপজেলার গোপালপুর মডেল কলেজেরও একই অবস্থা। এ বছর প্রতিষ্ঠানটির মাত্র ১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করতে পারেননি। একই প্রতিষ্ঠান থেকে গত বছর ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়।
জেলার ঐতিহ্যবাহী পুরোনো বিদ্যাপীঠ নেত্রকোনা সরকারি কলেজে এবার পাসের হার ৭১ দশমিক ৩১ শতাংশ। সরকারি এই কলেজটি থেকে জিপিএ-৫ পেয়েছে ৪২ জন। মোট ১৩৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে এখানে পাস করেছে ১৪০৮ জন।
উল্লেখ্য, গত বছর নেত্রকোনা জেলায় পাসের হার ছিল ৪৭.৩৯ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ এর সংখ্যাও কমেছে। গত বছর ১০৯ জন জিপিএ-৫ পেলেও, এ বছর ৩৯ জন কম পেয়েছে।
