শেষ বলের রোমাঞ্চে হারল বাংলাদেশ, আসর থেকে শূন্য হাতে বিদায়

অনলাইন ডেস্ক

কোনো জয় ছাড়াই হংকং সিক্সেসের এবারের আসর শেষ করল বাংলাদেশ। ১১তম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শক্তিশালী ভারত। বাংলাদেশের মতো তারাও ছিল জয়হীন। তবে নিজেদের শেষ ম্যাচে শেষ বলে বাংলাদেশকে হারায় ভারত। বাংলাদেশকে দেশে ফিরতে হচ্ছে শূন্য হাতে।

ক্রুনাল পান্ডিয়া টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে বাংলাদেশের শুরুটা ছিল ভালো। কুলওয়ান্ত খেজরলিয়াকে ইনিংসের প্রথম দুই বলেই ছক্কা হাঁকান হাবিবুর রহমান সোহান, পরের বলে চার। একই ওভারে সাব্বির রহমানের কাছেও ছক্কা হজম করেন কুলওয়ান্ত। প্রথম ওভারেই বাংলাদেশের স্কোর বোর্ডে চলে আসে ২৪ রান।

সাব্বির পরের ওভার শুরু করেন ক্রুনাল পান্ডিয়াকে ছক্কা হাঁকিয়ে। যদিও পরের বলেই তাকে সাজঘরে ফিরতে হয়। বিদায়ের আগে ৪ বলে ১৩ রান করে সাব্বির। একই ওভারে বিদায় নেন ওয়ান ডাউনে নামা মৃত্যুঞ্জয় চৌধুরীও, গোল্ডেন ডাকের শিকার হয়ে। হাবিবুর রহমান সোহানও সাব্বিরের মতো জোড়া ছক্কা হাঁকিয়ে ক্ষান্ত হন, ৬ বলে ১৮ রান করে। এতে সব চাপ গিয়ে বর্তায় অধিনায়ক আবু হায়দার রনির ঘাড়ে, যিনি একাই শেষপর্যন্ত লড়াই করেছেন।

চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৫ বলে ১২ রান করে বিদায় নিলে আহরার আমিন পিয়ানকে রিটায়ার্ড আউট দেখিয়ে রনি ফিফটির পরও ব্যাটিং চালিয়ে যান। শেষপর্যন্ত ১৮ বলে ৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন রনি। তার ইনিংসে তিনটি চারের সাথে ছিল আটটি ছক্কা।

শেষপর্যন্ত নির্ধারিত ৬ ওভারে ১১৬ রান দাঁড়ায় বাংলাদেশের সংগ্রহ। ভারতের পক্ষে অধিনায়ক ক্রুনাল ২ ওভারে ২৫ রান খরচ করে জোড়া উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে ভারতও শুরু থেকে চড়াও হয়ে খেলতে থাকে। শশাঙ্ক সিং ও রাহুল ত্রিপাথির ৬৯ রানের উদ্বোধনী জুটি ভাঙে রাহুল ১২ বলে ৩২ রান করে আহরার আমিনের বলে বোল্ড হলে। এরপর শশাঙ্ক হাঁকান অর্ধশতক। মাঠ ছাড়ার আগে ১৫ বলে ৫০ রান করেন একটি চার ও সাতটি ছক্কায়। এরপর রাহুলতেভাটিয়া ও নিতিশ রানার সামনে ছিল বড় চ্যালেঞ্জ। শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ২৩ রান। এ সময় অধিনায়ক রনি বল তুলে নেন হাবিবুর রহমান সোহানের হাতে।

তবে শেষপর্যন্ত আর ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। শেষ বলে ২ রান প্রয়োজন ছিল, ফিল্ডিংয়ে ভুলের কারণে ভারত কাঙ্ক্ষিত রান তুলে নেয়। তা না হলে ছক্কার সংখ্যা বেশি হওয়ার সুবাদে ম্যাচ টাই হলে জয়ের মর্যাদা পেত বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights