ঢাবির জগন্নাথ হলে লুকিয়ে অবস্থান নেওয়া ছাত্রলীগ নেতা আটক

ঢাবি প্রতিনিধি
হলের সিট বাতিল হওয়ার পরও দীর্ঘদিন ধরে গোপনে জগন্নাথ হলে অবস্থান করছিলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমাজসেবা সম্পাদক অর্ণব সাহা।

রবিবার বিকেলে হলের ক্যান্টিনে খাবার খেতে গেলে তাকে আটক করেন সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সন্ধ্যার দিকে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল বলেন, ‘ছাত্রলীগের পদধারী কারও নামেই হলে সিট বরাদ্দ নেই, তাদের সবার সিট আগেই বাতিল করা হয়েছে। সে (অর্ণব সাহা) মাঝে মাঝে হলে যাতায়াত করত বলে জানা গেছে। আজ তাকে দেখতে পেয়েই শিক্ষার্থীরা আটক করে। হলে এ ধরনের আরও কেউ অবৈধভাবে অবস্থান করছে কি না, সে বিষয়টি প্রশাসন গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার আইনগত শাস্তির বিষয়টি এখন সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশ দেখবে।’

জানা যায়, হলে সিট না থাকলেও অর্ণব সাহা প্রায়ই জগন্নাথ হলে যাতায়াত করতেন। রবিবার বিকেলে হলের একটি ক্যান্টিনে খাবার খাওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা তাঁকে শনাক্ত করে আটক করেন। আটকের পর উত্তেজিত শিক্ষার্থীদের মারধরের শিকার হন অর্ণব। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জগন্নাথ হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ধ্রুব রায় বলেন, দীর্ঘদিন ধরে অর্ণব রাতের আঁধারে হলে লুকিয়ে অবস্থান করছিলেন। রবিবার দিনের বেলায় তাকে ক্যান্টিনে দেখতে পেয়ে শিক্ষার্থীরা আটক করেন। সম্প্রতি জগন্নাথ হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায়ও অর্ণব জড়িত থাকতে পারেন বলে অভিযোগ করেন তিনি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘তিনি এখন থানা হেফাজতেই আছেন। আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights