পরিচালকের গলা নকল করে টোপ, সিনেমার হিরো হতে গিয়ে লাখ লাখ টাকা খোয়ালেন যুবক
অনলাইন ডেস্ক
সিনেমার পর্দায় নায়ক হওয়ার স্বপ্ন অনেকেরই। আর সেই স্বপ্নকে পুঁজি করেই প্রতারণার জাল বিস্তার করেছে একটি সাইবার জালিয়াত চক্র। জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর কণ্ঠ নকল করে অভিনয়ে সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে পরিচালকের কণ্ঠস্বর নকল করেছে প্রতারকেরা।
সম্প্রতি এ ঘটনায় কলকাতার দক্ষিণাঞ্চলের বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিনয়ের প্রতি আগ্রহী এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নামী প্রযোজনা সংস্থার নামে তৈরি ভুয়া ফেসবুক পেজ দেখতে পান। সেখানে একটি ঐতিহাসিক চরিত্রকে কেন্দ্র করে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। সিনেমাটিতে অভিনয়ের সুযোগ পাওয়ার আশায় ওই পেজে যোগাযোগ করেন তিনি। পরে তাঁকে একটি মোবাইল নম্বর দিয়ে জানানো হয়, এটি সিনেমার পরিচালকের ব্যক্তিগত নম্বর।
ওই নম্বরে যোগাযোগ করার পর এক ব্যক্তি নিজেকে পরিচালক পরিচয় দিয়ে যুবকের সঙ্গে কথা বলেন। অভিনয়ের সুযোগ পেতে প্রাথমিক নিবন্ধনের জন্য ৩০ হাজার টাকা দাবি করেন তিনি। পরিচালকের পরিচয় বিশ্বাস করে যুবক সুমিত কুমার নামের এক ব্যক্তির ব্যাংক হিসাবে সেই টাকা পাঠিয়ে দেন।
এরপর প্রতারকেরা আরও বড় অঙ্কের টাকা দাবি করতে থাকে। পরদিন তাঁকে জানানো হয়, সিনেমার জন্য তাঁর পরিচিতিমূলক দৃশ্য ধারণ করা হবে। এ জন্য প্রয়োজন ৯২ হাজার টাকা। প্রতারণার বিষয়টি বিশ্বাসযোগ্য করে তুলতে একটি নামী প্রযোজনা সংস্থার নামে তৈরি বিভিন্ন ভুয়া নথি হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। এমনকি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য একটি চুক্তিপত্রও পাঠানো হয় যুবককে।
এরপর ৯২ হাজার টাকা দুই কিস্তিতে শুভজিৎ ও অজিতা নামের দুজনের ব্যাংক হিসাবে পাঠান ওই যুবক। কিন্তু প্রতারণার এখানেই শেষ নয়। পরদিন দ্বিতীয় দফায় পরিচিতিমূলক দৃশ্য ধারণের কথা বলে আরও ৮৫ হাজার টাকা দাবি করা হয়। এবারও প্রতারকদের কথায় বিশ্বাস করে শুভজিতের হিসাবে টাকা পাঠিয়ে দেন তিনি।
পরবর্তী সময়ে আবারও টাকা চাওয়া হলে সন্দেহ তৈরি হয় যুবকের মনে। পরিচিতদের সঙ্গে আলোচনা করে বুঝতে পারেন, অভিনয়ের সুযোগ দেওয়ার নামে তিনি একটি সংঘবদ্ধ সাইবার জালিয়াত চক্রের ফাঁদে পড়েছেন। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি।
এদিকে, একই ধরনের আরেকটি প্রতারণার ঘটনায় পরিচালক রাজ চক্রবর্তীর কণ্ঠ নকল করে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সামনে এসেছে। ওই ঘটনায়ও প্রায় দুই লাখ টাকা তিনটি ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে বলে অভিযোগ।
পুলিশের ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পরিচালকের কণ্ঠস্বর নকল করে প্রতারণা চালানো হচ্ছে। ব্যাংক হিসাব ও মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
সিনেমায় অভিনয়ের স্বপ্নকে কাজে লাগিয়ে এ ধরনের প্রতারণার ঘটনায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। কোনো প্রযোজনা সংস্থা বা পরিচালকের পরিচয়ে কেউ অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলে আগাম টাকা চাইলে যাচাই না করে অর্থ লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: সংবাদ প্রতিদিন
