হকারমুক্তে অচেনা চট্টগ্রাম নিউমার্কেট

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা নিউমার্কেট। প্রতিটি মুহূর্তেই এখানে অসংখ্য মানুষের যাতায়াত। নগরের প্রাণকেন্দ্রও বলা হয় এ এলাকাকে। কিন্তু এখানকার ফুটপাত অস্তিত্বহীন। ৩৬ ফুট প্রস্থের সড়কের অর্ধেকের বেশিই হকারদের দখলে। ফলে ফুটপাতের পথচারীদের ঝুঁকি নিয়ে চলতে হয় মূল সড়ক দিয়েই। বেগ পেতে হয় যানবাহান চলাচলেও।

অবশেষে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এখানে অভিযান পরিচালনা করে ফুটপাত হকারমুক্ত করেছে। ভেঙে ফেলা হয়েছে অবৈধ সব স্থাপনা। উচ্ছেদ হওয়া স্থান ফের বেদখল না হতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। বাগান তৈরিসহ সৌন্দর্যবর্ধনের বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। উচ্ছেদের পর চেনা নিউ মার্কেটের হকারমুক্ত অচেনা রূপ দৃশ্যমান হচ্ছে। নিউ মার্কেটের পূর্বপ্রান্তের কোতোয়ালি, উত্তর প্রান্তের শাহ আমানত মার্কেট, দক্ষিণে সদরঘাট রোডসহ আশপাশের ফুটপাতগুলোতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে দখলমুক্ত করেছে চসিক।

জানা যায়, নিউ মার্কেটের মোড়টি হকারমুক্ত এবং পথচারীদের জন্য উন্মুক্ত করা হোক-নাগরিকদের এমন দাবি দীর্ঘদিনের। এর পরিপ্রেক্ষিতে চসিক বিভিন্ন সময় উচ্ছেদ অভিযান পরিচালনা করে। কিন্তু হকাররা ফের তা দখল করে ফেলে। তবে এবার চসিক নতুন করে বেদখল ঠেকাতে বাগান তৈরি, গাছ লাগানো, রেলিং দেওয়া, ড্রেন সংস্কারসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। নগরে সড়ক আছে ১ হাজার ৪৪২ কিলোমিটার ও ফুটপাত আছে প্রায় ৩০০ কিমি। প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত প্রায় ২৫ হাজার হকার বিভিন্ন স্থানে দোকান বসান। ফলে প্রতিদিন গড়ে প্রায় ৩০ কিলোমিটার ফুটপাত হকারদের দখলে থাকে। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল আমীন বলেন, ফুটপাত সব সময় পথচারীর। কিন্তু নানাভাবে হকাররা বসে যান। আমরা বারবার উচ্ছেদ করলেও তারা আবারও ফিরে আসে। তবে এবার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নতুন করে কেউ যাতে দখল করতে না পারে তার জন্য সৌন্দর্যবর্ধন কাজসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights