পরীক্ষায় ভালো ফল, ছেলের আবদার পূরণে আড়াই কোটির বিএমডব্লিউ উপহার বাবার
দীপক দেবনাথ, কলকাতা
পরীক্ষায় ভালো ফল করলে দামি গাড়ি উপহার দেবেন। ছেলেকে এমন প্রতিশ্রুতিই দিয়েছিলেন বাবা। সেই প্রতিশ্রুতি রাখতে ছেলের হাতে তুলে দিলেন প্রায় আড়াই কোটি রুপি মূল্যের বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি। নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফল করায় ছেলের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন পশ্চিমবঙ্গের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বাবার এমন ব্যতিক্রমী উপহার ঘিরে এখন রীতিমতো আলোচনা চলছে এলাকায়।
ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গলসির। সেখানকার বাসিন্দা ব্যবসায়ী শামসুদ্দিন মিদ্যা। তার ছেলে মোহাম্মদ তলহা নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফল করলেই পছন্দের দামি গাড়ি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাবা। সেই প্রতিশ্রুতি পূরণে পরীক্ষার ফল প্রকাশের পর আর দেরি করেননি তিনি।
সম্প্রতি পরীক্ষার ফল প্রকাশ হলে ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হয় তলহা। এরপর ছেলের পছন্দের গাড়ি কিনতে সুদূর মুম্বাইয়ে যান শামসুদ্দিন। সেখান থেকে কিনে আনেন বিএমডব্লিউ এম৪ কমপিটিশন মডেলের বিলাসবহুল গাড়ি। ভারতীয় বাজারে গাড়িটির আনুমানিক মূল্য ২ কোটি ৩০ লাখ রুপি।
শুক্রবার বিশেষ পণ্যবাহী কনটেইনারে করে গাড়িটি এসে পৌঁছায় গলসির গ্রামে। কচি কলাপাতার মতো নজরকাড়া রঙের ঝকঝকে গাড়িটি দেখতে মুহূর্তেই সেখানে ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দাদের অনেকেই গাড়ির ছবি ও ভিডিও ধারণ করেন। কেউ কেউ আবার গাড়ির পাশে দাঁড়িয়ে তোলেন সেলফি।
গাড়ির পাশাপাশি এর নিবন্ধন নম্বর নিয়েও রয়েছে শামসুদ্দিনের বিশেষ পছন্দ। তার একাধিক গাড়ির নম্বরের শেষ তিনটি সংখ্যা ‘৫৫৫’। বলিউড তারকা শাহরুখ খানের গাড়ির নম্বরের সঙ্গেও এই সংখ্যার মিল রয়েছে।
শামসুদ্দিনের গাড়ির সংগ্রহও বেশ সমৃদ্ধ। তার সংগ্রহে রয়েছে রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্রা থার ও হুন্দাই আলকাজারসহ বিভিন্ন নামী প্রতিষ্ঠানের গাড়ি। এবার সেই তালিকায় যুক্ত হলো বহুল আকাঙ্ক্ষিত বিএমডব্লিউ এম৪ কমপিটিশন।
ছেলের ভালো ফলের আনন্দকে স্মরণীয় করে রাখতে বাবার এমন ব্যয়বহুল উপহার স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। তবে গাড়িটি ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বাবার দেওয়া প্রতিশ্রুতি এবং তা পূরণে তার এই আয়োজন।
