অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর আভাস পিএমআই সূচকে

অনলাইন ডেস্ক
দুই মাসের ধারাবাহিক সংকোচন কাটিয়ে দেশের অর্থনীতিতে আবার সম্প্রসারণের আভাস পাওয়া যাচ্ছে। কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা—এই চারটি খাতেই অক্টোবর মাসে ইতিবাচক প্রবণতা দেখা গেছে।

এই ইতিবাচক প্রবণতার প্রতিফলন ঘটেছে পারচেজিং ম্যানেজার্স ইনডেক্সের (পিএমআই) সর্বশেষ সূচকে। অক্টোবরে বাংলাদেশের সামগ্রিক পিএমআই আগের মাসের তুলনায় ৩.২ পয়েন্ট বেড়ে ৫১.৮-এ দাঁড়িয়েছে।

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) গত ৮ নভেম্বর অক্টোবর মাসের পিএমআই প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরেছে।

বিশেষ করে কৃষি খাতের সম্প্রসারণ ত্বরান্বিত হয়েছে। একই সঙ্গে উৎপাদন, নির্মাণ ও সেবা খাতও সংকোচনের অবস্থা থেকে সম্প্রসারণে ফিরেছে।

পিএমআই সূচক ৫০-এর ওপরে থাকলে সংশ্লিষ্ট অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ এবং ৫০-এর নিচে থাকলে সংকোচন নির্দেশ করে। সে হিসাবে অক্টোবরের ৫১.৮ পয়েন্টের সূচক দেশের অর্থনীতিতে সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছে।

তবে এই সূচক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নয়; বরং ব্যাবসায়িক কর্মকাণ্ডের সাম্প্রতিক পরিবর্তন ও প্রবণতা বোঝার একটি নির্দেশক।
গত সেপ্টেম্বর মাসে সামগ্রিক পিএমআই ১.৩ পয়েন্ট কমে ৪৮.৬-এ নেমে এসেছিল। ওই মাসে উৎপাদন খাতের সূচক ছিল ৪৪.৮, নির্মাণ খাতের ৪৮.৫ ও সেবা খাতের ৪৯.০। তিনটি খাতই তখন সংকোচনের মধ্যে ছিল। বিপরীতে কৃষি খাত ৫৫.২ পয়েন্ট নিয়ে সম্প্রসারণের ধারায় ছিল।

অক্টোবরে চারটি প্রধান খাতের সম্প্রসারণে ফেরার বিষয়টি তাই অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে উৎপাদন ও নির্মাণ খাতের ঘুরে দাঁড়ানো গুরুত্বপূর্ণ। কারণ এই দুই খাতের সঙ্গে বিনিয়োগ, কর্মসংস্থান, কাঁচামাল আমদানি, সরবরাহব্যবস্থা এবং অভ্যন্তরীণ চাহিদার সম্পর্ক রয়েছে।

তবে পিএমআই সূচকের এই উন্নতিকে অর্থনীতির সব সমস্যার সমাধান হিসেবে দেখার সুযোগ নেই। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে জ্বালানি সরবরাহ, উৎপাদন ব্যয়, অর্থায়ন ও বাজারের চাহিদাসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। আগের মাসের পিএমআই বিশ্লেষণেও জ্বালানির উচ্চমূল্য, পরিচালন ব্যয় বৃদ্ধি, ভোক্তার ক্রয়ক্ষমতার দুর্বলতা এবং অর্থায়নের সীমাবদ্ধতাকে ব্যবসার জন্য চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

এমসিসিআই ও পিইবির যৌথ উদ্যোগে প্রণীত এই প্রতিবেদনে যুক্তরাজ্য সরকারের সহায়তা এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের (এসআইপিএমএম) কারিগরি সহযোগিতা রয়েছে। বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে মাসিক এ সূচক তৈরি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights