শেখ হাসিনাসহ ২৬ জনের মামলায় অধিকতর প্রতিবেদন ১৪ ডিসেম্বর
বাসস
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুর থানা এলাকায় মো. সিফাত হোসেন (২৬) হত্যা মামলায় পতিত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে প্রতিবেদন দাখিল করতে পারেনি তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।
মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ২০ জুলাই মিরপুর-১০ সেনপাড়া এলাকায় এম.এস. পাওয়ারের সামনে হাজারো ছাত্র-জনতা কোটা সংস্কার আন্দোলন করছিলেন। সেই আন্দোলনে পুলিশ নির্বিচারে গুলি চালায়। ওই সময় সিফাত হোসেন রাস্তা পার হয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ আগস্ট সিফাতের বাবা কামাল হাওলাদার শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, মাইনুল হোসেন খান নিখিল ও সালাহউদ্দিন মাহমুদ (এসএম) জাহিদ, পুলিশের সাবেক আইজি আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আরও অনেকে।
গত ২৮ মে মামলাটির তদন্ত শেষে শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মিরপুর মডেল থানার এসআই মিজানুর রহমান। তবে জিয়াউল হক জিয়া ও মেহেদী হাসানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ায় অসন্তুষ্ট হন সিফাতের বাবা কামাল হাওলাদার।
গত ১ সেপ্টেম্বর পুলিশের দেওয়া প্রতিবেদনের ওপর নারাজি আবেদন করেন তিনি। শুনানি শেষে পিবিআইকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত।
