কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি
অনলাইন ডেস্ক
রাজধানীর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে আর্থিক সহায়তা দিতে নীতিগতভাবে সম্মত হয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
মঙ্গলবার সকালে রাজধানীর এলজিইডি ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এ সম্মতি জানায় এডিবির প্রতিনিধিদল। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এডিবির দক্ষিণ এশিয়া অঞ্চলের পানিসম্পদ ও নগর উন্নয়ন খাতের পরিচালকসহ সংস্থাটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেয়।
বৈঠকে কড়াইল বস্তির উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি এডিবির অর্থায়নে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চলমান প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত ও মানসম্মতভাবে শেষ করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।
এসময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এডিবির প্রতিনিধিদলকে আশ্বস্ত করে বলেন, সংস্থাটির সহায়তায় পরিচালিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনসহ মন্ত্রণালয় ও এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
