ফুটবল থেকে অবসরের ইঙ্গিত নেইমারের
একসময় ফুটবল মাঠে নিজের পায়ের জাদুতে মুগ্ধ করেছেন কোটি ভক্তকে। তবে দীর্ঘদিন ধরে চোটের সঙ্গে লড়াই করতে গিয়ে সেই ছন্দ হারিয়েছেন নেইমার জুনিয়র। বারবার চোটে পড়া এবং আগের অবস্থায় ফিরতে না পারার হতাশা থেকে এবার পেশাদার ফুটবল ছাড়ার কথাও ভাবছেন ব্রাজিলের এই তারকা।
ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতোর এক প্রতিবেদনে বলা হয়েছে, শারীরিক সমস্যার কারণে নিজের সেরা ছন্দে ফিরতে না পারার হতাশা নেইমারকে অবসরের চিন্তা করতে বাধ্য করছে।
সম্প্রতি কিংস লিগ টুর্নামেন্টে ব্রাজিলের কনটেন্ট ক্রিয়েটর ক্রিস গুয়েদেসের সঙ্গে আলাপচারিতায় নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ৩৪ বছর বয়সী নেইমার। সেখানে বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ড জানান, কিংস লিগে খেলতে চান। পাশাপাশি ২০৩০ সাল পর্যন্ত ফুটবল চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও বলেন।
তখন গুয়েদেস তাকে মনে করিয়ে দেন, ২০৩০ সালে নেইমারের বয়স হবে ৩৯ বছর। অর্থাৎ আরও পাঁচ-ছয় বছর খেলার সুযোগ রয়েছে। তবে নেইমার বলেন, ‘না, আমি পারব না।’
গুয়েদেস একই কথা আবার জানতে চাইলে নেইমারের সংক্ষিপ্ত জবাব ছিল, ‘আপনি যদি আমার অবস্থানে থাকতেন, তাহলে বুঝতে পারতেন।’
বারবার চোটে পড়ে মাঠের বাইরে থাকা এবং ফিরে আসার পর আবারও ইনজুরিতে পড়ার আশঙ্কা নেইমারের শারীরিক ও মানসিক অবস্থায় প্রভাব ফেলেছে। ফলে অবসরের ভাবনাকে এখন আর দূরের কোনো বিষয় হিসেবে দেখছেন না তিনি।
বর্তমানে শৈশবের ক্লাব সান্তোসে খেলছেন নেইমার। তবে চোটজর্জর ক্যারিয়ার আর কত দিন চালিয়ে যাবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ব্রাজিলের এই তারকা।
