চরম দারিদ্রতায় ১৩ মাসের শিশুকে বিক্রি, উদ্ধার করলেন ইউএনও

বাগেরহাট প্রতিনিধি:

দারিদ্র্য ও স্বামীর অবহেলায় চরম আর্থিক সংকটে পড়ে বাগেরহাটের মোড়েলগঞ্জে ১৩ মাস বয়সী ছেলেকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দিয়েছেন এক মা। বুধবার সন্ধ্যায় উপজেলার বারইখালী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার দুপুরে শিশুটিকে উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লা। পরে আর্থিক সহায়তা দিয়ে শিশুটিকে মায়ের জিম্মায় দেওয়া হয়।

শিশুটির নাম আল আমিন। তার মা অনিকা আক্তার মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে। দুই বছর আগে কাজের সুবাদে চট্টগ্রামে অবস্থানকালে একই এলাকার হাসান চৌধুরী নামের এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। ১৩ মাস আগে তাঁদের একটি পুত্রসন্তান জন্ম নেয়।

শিশুটির মা অনিকা আক্তার বলেন, সন্তান জন্মের আগে থেকেই স্বামী হাসান চৌধুরী তাঁর ও সন্তানের খোঁজখবর রাখেন না। সংসারে আর্থিক সংকট ও অভাব-অনটনের পাশাপাশি তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েছেন। চরম অসহায়ত্বের কারণে সন্তানটি যাতে খেয়েপরে ভালো থাকতে পারে, সেই চিন্তা থেকেই বুধবার সন্ধ্যায় মোংলা উপজেলার শহিদুলের স্ত্রী নুরজাহান বেগমের হাতে ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে তুলে দেন।

মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লা বলেন, শিশুটিকে বিক্রির খবর পেয়ে শুক্রবার দুপুরে উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে এভাবে শিশু বিক্রির কোনো সুযোগ নেই। আপাতত আর্থিক সহায়তা দিয়ে শিশুটিকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আইনগতভাবে শিশুটিকে নিতে আগ্রহীদের আবেদন যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights