ধারদেনায় চলছে সিসিক
নিজস্ব প্রতিবেদক, সিলেট
যথাসময়ে নগরবাসীর কাছ থেকে সেবার বিল আদায় করতে পারছে না সিলেট সিটি করপোরেশন (সিসিকি)। ফলে বছর বছর বাড়ছে বকেয়া বিলের পরিমাণ। রাজস্বের প্রধান তিন খাতে অনাদায়ী হিসেবে পড়ে আছে শত কোটি টাকা। আর রাজস্ব আদায় না হওয়ায় সিসিকও নিয়মিত পরিশোধ করতে পারছে না সরকারি অন্য সেবাদানকারী প্রতিষ্ঠনগুলোর বিল। রাজস্ব আদায়ে ঘাটতি থাকায় দেনার পরিমাণও বাড়ছে সিসিকের। ঋণ করে চালু রাখতে হচ্ছে সেবা কার্যক্রম।
সিসিকের নিজস্ব রাজস্ব আয়ের খাতগুলোর মধ্যে অন্যতম হোল্ডিং ট্যাক্স, পানির বিল, ট্রেড লাইসেন্স ও ঠিকাদারি লাইসেন্স ফি, দরপত্র বিক্রি, সড়ক কাটার ফি, দোকানভাড়া, স্থাবর সম্পত্তি হস্তান্তর কর, বাস টার্মিনাল ও মার্কেট ইজারা এবং বর্জ্য ব্যবস্থাপনা। এর মধ্যে সবচেয়ে বেশি আয় আসে হোল্ডিং ট্যাক্স, পানির বিল ও ট্রেড লাইসেন্স থেকে। কিন্তু তিন খাতে নগরবাসীর কাছে সিসিকের বকেয়া পাওনা রয়েছে ১০০ কোটি টাকার ওপরে।
সিসিকের পানি শাখার নির্বাহী প্রকৌশলী এনামুল হক জানান, সিসিকের পানির গ্রাহক রয়েছেন ২০ হাজার ১৯২ জন। তাদের কাছে পানির বিল বকেয়া রয়েছে প্রায় ২০ কোটি টাকা। প্রতি বছর পানির বিল বাবদ ১১ কোটি টাকা রাজস্ব পাওয়ার কথা থাকলেও, গত বছর আদায় হয়েছে প্রায় ৮ কোটি টাকা। বিল পরিশোধের জন্য গ্রাহকদের চিঠি পাঠানো হলেও অনেকেই এ ব্যাপারে অসচেতন। যে কারণে মোটা অঙ্কের বিল বকেয়া পড়ে আছে।
কর শাখার কর কর্মকর্তা জানান, সিসিকের পুরোনো ২৭ ওয়ার্ডে হোল্ডিংয়ের সংখ্যা ৬১ হাজার ৮০০। আর নতুন ১৫ ওয়ার্ডে প্রায় ৩০ হাজার। প্রতি বছর হোল্ডিং ট্যাক্স ৮০ কোটি টাকা আদায় হওয়ার কথা থাকলেও গত অর্থবছরে হয়েছে মাত্র ১৬ কোটি টাকা। বর্তমানে হোল্ডিং ট্যাক্স খাতে বকেয়া পড়ে আছে প্রায় ৭২ কোটি টাকা। সিসিকের লাইসেন্স শাখা সূত্রে জানা গেছে, এই শাখায়ও বিল বকেয়া পড়ে আছে ২০ কোটি টাকার ওপরে।
এদিকে, নগরবাসীর কাছে বিপুল পরিমাণ রাজস্ব বকেয়া পড়ে থাকায় সিসিকের সেবা কার্যক্রমে বিঘ্ন ঘটছে। অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং বিদ্যুৎ বিল পরিশোধে হিমশিম খেতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। ইতোমধ্যে সিসিকের কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বকেয়া পাওনা দাঁড়িয়েছে প্রায় ১৭ কোটি টাকা। নিয়মিত বিল দিতে না পারায় বকেয়ার সঙ্গে যুক্ত হচ্ছে লেট পেমেন্ট সারচার্জ (এলপিএস)। বর্তমানে এলপিএস বাবত সিসিকের কাছে বিউবোর পাওনা প্রায় ৪ কোটি টাকা। এলপিএস মওকুফের জন্য সিসিক কয়েকবার আবেদন করলেও এখনো সেটি মঞ্জুর হয়নি।
সিসিকের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী জয়দেব বিশ্বাস জানান, প্রতি মাসে সিসিকের বিদ্যুৎ বিল আসে প্রায় ৯০ লাখ টাকা। এর মধ্যে ৯২ শতাংশ পানি উৎপাদন ও বিতরণ, ৬ শতাংশ সড়ক বাতি ও বাকি ২ শতাংশ প্রাতিষ্ঠানিক বা স্থাপনায় ব্যবহৃত হয়। সিসিক বছরে দুবার বিউবোকে বিল পরিশোধ করে। গত জুন মাসে ৬ কোটি ৬ লাখ টাকা পরিশোধ করা হয়েছিল। আগামী ডিসেম্বরে আবারও কিছু বিল পরিশোধ করা হবে। কিন্তু রাজস্ব আয় পর্যাপ্ত না হওয়ায় সম্পূর্ণ বকেয়া বিল পরিশোধ করা সম্ভব হয় না।
এ প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল জব্বার জলিল বলেন, ‘নগরবাসীর উচিত যথাসময়ে তাদের সেবা বিল পরিশোধ করা। বিল না দিয়ে সেবা আশা করা ঠিক নয়। তবে, বিলের নামে যাতে কারও ওপর অতিরিক্ত অর্থ চাপিয়ে দেওয়া না হয় সেটিও সিসিককে নিশ্চিত করতে হবে। বিল আদায়ে প্রয়োজনে সিসিককে আরও কঠোর হতে হবে।’ এ প্রসঙ্গে সিসিকের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী বলেন, সিটি করপোরেশনের নিজস্ব আয়ের খাত খুবই সীমাবদ্ধ। প্রতি মাসে নিজস্ব খাতের আয়ের চেয়ে ২-৩ কোটি টাকা বেশি ব্যয় থাকে। বারবার তাগাদা দেওয়ার পরও অনেকে হোল্ডিং ট্যাক্স ও পানির বিলসহ বিভিন্ন সেবার বিল পরিশোধ করছেন না।’
