এপারে প্রলোভন ওপারে দাসত্ব

নিজস্ব প্রতিবেদক, সিলেট

শপিং মলে ভালো চাকরির স্বপ্ন নিয়ে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন কুড়িগ্রামের তরুণী শাপলা (ছদ্মনাম)। সঙ্গে ছিলেন আরও তিন তরুণী। রাতের আঁধারে দালালরা তাকে সীমান্ত পার করিয়ে তুলে দেয় চক্রের ওপারের সদস্যদের হাতে। এরপর তারা বুঝতে পারেন, ভালো চাকরির স্বপ্ন সীমান্তেই হারিয়ে গেছে। দালাল চক্র তাদের বিক্রি করে দেয় একটি হোটেলে। শুরু হয় অন্ধকার জগতের সঙ্গে বাস। একদিন সুযোগ বুঝে শাপলা হোটেল থেকে পালান। অনুপ্রবেশের মামলায় জেল খেটে তামাবিল সীমান্ত দিয়ে দেশে ফেরেন তিনি। সীমান্তে শাপলার মতো অনেক তরুণীর স্বপ্ন এভাবেই হারিয়েছে।

নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অনেক নারী-পুরুষ দালালদের খপ্পরে পড়ে সীমান্তের ওপারে বন্দি হয়ে দাসত্বের শিকলে বন্দি হয়েছেন। নানা প্রলোভনে নারী-পুরুষকে সীমান্তের ওপারে বিক্রি করে দেওয়া হয় কয়লা ও চুনাপাথর খনিতে। সেখানে তাদের আটকে রেখে ১৬-১৮ ঘণ্টা কাজ করানো হয়। সংকীর্ণ ও বিপজ্জনক ‘র?্যাট-হোল’ খনিতে কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়াই তাদের নামতে বাধ্য করা হয়। খনির ভিতরে বিষাক্ত গ্যাস ও ধসের চরম ঝুঁকি থাকা সত্ত্বেও তাদের দিনরাত খাটানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ভারতের মেঘালয় রাজ্যঘেঁষা সিলেট সীমান্তের অর্ধশত পয়েন্টজুড়ে গড়ে উঠেছে মানব পাচারের শক্তিশালী নেটওয়ার্ক। সবচেয়ে বেশি মানব পাচার হয় জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে। জৈন্তাপুরের মোকামবাড়ি, আলুবাগান, শান্তিমাইর জুম, মোকামপুঞ্জি, ছাগলখাউরী, বাননঘাট, শ্রীপুর চা বাগান, মিনাটিলা, কাঁঠালবাড়ী, কেন্দ্রী মন্দির, রাবার বাগান, লম্বাটিলা, ঘিলাতৈল, ফুলবাড়ী, টিপরাখলা, করিমটিলা, কমলাবাড়ী, কালিঞ্জিবাড়ী, জালিয়াখলা, নয়াগ্রাম, নুরুলের টিলা, লাল মিয়ার টিলা, আফিফানগর, বাঘছড়া, তুমইর, জঙ্গিবিল, বালিদাঁড়া, ইয়াংরাজা এলাকা দিয়ে মানব পাচার হয়। মানব পাচারের সঙ্গে জড়িত রয়েছেন স্থানীয়ভাবে লাইনম্যান হিসেবে পরিচিত রুবেল আহমদ, লিটন মিয়া, মাঘাই পাত্র, মিজান আহমদ রুবেল, আবদুল, রিপন মিয়া, আবদুল, হানিফ, তাজ উদ্দিন, শাহজাহান ও তার ভাই বুরহান। জৈন্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, কেউ দালালদের খপ্পরে পড়ে ভালো কাজের প্রলোভনে সীমান্ত পাড়ি দেন। আবার সমাজের নিগৃহীত অনেক নারী কাজের আশায় যান। এ ছাড়া মানব পাচারের নেটওয়ার্কে রয়েছে গোয়াইনঘাট উপজেলার গুচ্ছগ্রাম, ভাইরাল মেলার মাঠ, আমস্বপ্ন, সংগ্রামপুঞ্জি, নলজুরি, পান্তুমাই, হাজীপুর, কুলমুপছড়া ও তামাবিল সীমান্ত এলাকায়। গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়ল জানান, চলতি বছর গোয়াইনঘাটে মানব পাচারের ৩টি ও পাসপোর্ট আইনে ৩টি মামলা হয়েছে। ছয় মামলায় এজহারনামীয় ও অজ্ঞাত মিলে ৩৮ জন আসামি রয়েছে। পাশাপাশি কানাইঘাট উপজেলার আলোচিত মানব পাচারের সীমান্ত হচ্ছে ‘দনা’। ২০২৪ সালের ২৩ আগস্ট সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন মানিক ভারতে অনুপ্রবেশের আগে আটকের পর আলোচনায় আসে মানব পাচারের এই রুটটি। ৫ আগস্টের পটপরিবর্তনের পর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী এই সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। এখনো ওই সীমান্ত দিয়ে মানব পাচার অব্যাহত রয়েছে। কানাইঘাট সীমান্ত দিয়ে মানব পাচার ও এ সংক্রান্ত মামলার তথ্য জানতে কয়েকবার যোগাযোগ করা হলেও থানার ওসি আমিনুল ইসলাম তথ্য দেননি। অভিযোগ রয়েছে, স্থানীয় চোরাকারবারি ও মানব পাচারচক্রের সঙ্গে থানাপুলিশের সখ্য রয়েছে। সীমান্তে মানব পাচার প্রসঙ্গে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সুহেল আলম জানান, সীমান্তে চোরাচালানরোধের পাশাপাশি মানব পাচার বন্ধেও বিজিবি কাজ করছে। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, বিশেষত চোরাচালান ও মানব পাচাররোধে সীমান্তের যেসব স্থানে কাঁটাতারের বেড়া নেই সেসব স্থানে টহল জোরদার করা হয়। এ ছাড়া সোর্স মারফত মানব পাচারের কোনো তথ্য পেলে বিশেষ পয়েন্টগুলোতে টহল বাড়ানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights