দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই

অনলাইন ডেস্ক
উপসাগরীয় অঞ্চলে নতুন করে যুদ্ধের বিস্তার ঠেকানো এবং দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে কাতার ও তুরস্ক। চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কার্যালয়।

শুক্রবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

চুক্তির বিষয়ে এরদোয়ান বলেছেন, উপসাগরীয় অঞ্চলে যেন নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য কাতারের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাবে তুরস্ক।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নতুন এই চুক্তি তুরস্ক ও কাতারের মধ্যকার সম্পর্ককে আরও নতুন মাত্রা দেবে। এর মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে, তুরস্কে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান এরদোয়ান। এরদোয়ানের রাজনৈতিক দল একে পার্টির (একে পার্টি) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে দুই নেতার আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানের ছবি প্রকাশ করা হয়।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এই প্রতিরক্ষা চুক্তিকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ বেড়েছে।

কাতার ও তুরস্কের মধ্যে দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে। কাতারে তুরস্কের সামরিক উপস্থিতিও দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ দিক।

নতুন চুক্তির ফলে দুই দেশের নিরাপত্তা অংশীদারত্ব আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে সম্ভাব্য সামরিক সংঘাত প্রতিরোধে যৌথ উদ্যোগ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে চুক্তির আওতায় সামরিক সহায়তার সুনির্দিষ্ট শর্ত, বাস্তবায়ন পদ্ধতি কিংবা কোনো দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ক্ষেত্রে কী ধরনের বাধ্যবাধকতা থাকবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

তথ্যসূত্র : আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights