বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই

আর মাত্র একটা ম্যাচ। এই লড়াইয়ে জয়ী হলেই ফাইনাল। ২১ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালের টিকিট কাটতে পারবে বাংলাদেশ? ২৩ বছর পর ঘরে তুলতে পারবে দক্ষিণ এশিয়ান ফুটবলের সেরা আসর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা? সেমিফাইনালে আজ রাতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

সাফে এ পর্যন্ত সাতবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে তিনবার জিতেছে বাংলাদেশ, দুবার পাকিস্তান। বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র। দুই দলের মোট ১৮ ম্যাচের পরিসংখ্যানে বাংলাদেশের জয় আটটি, পাকিস্তানের পাঁচটি। ড্র হয়েছে পাঁচ ম্যাচ। সর্বশেষ ২০১৮ সালের সাফে পাকিস্তানকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সাফের সেমিফাইনালেও একবার মুখোমুখি হয়েছিল দুই দল। ২০০৫ সালের সেই লড়াইয়ে ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ।

ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষকে কঠিন মনে করলেও জয় নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের প্রধান কোচ থমাস ডুলি। পাকিস্তানকে সমীহ করছেন তিনি, তবে নিজেদের সামর্থ্য নিয়েও আশাবাদী। একই সঙ্গে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি ভরে দলকে উৎসাহিত করতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন এই কোচ। গতকাল অনুশীলনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডুলি। পাকিস্তানের বিপক্ষে শিরোপাম্যাচ, সাদ উদ্দিনের অনুপস্থিতি, দলের রক্ষণভাগ, আক্রমণ এবং খেলোয়াড়দের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন কোচ।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সাদ উদ্দীনকে পাচ্ছে না বাংলাদেশ। তাঁর অনুপস্থিতিকে বড় ক্ষতি মনে করছেন ডুলি। তিনি বলেন, ‘সাদ উদ্দিনকে না পাওয়াটা আমাদের জন্য অনেক কষ্টের। সে মাঠে কিংবা অনুশীলনে যখনই নামে, নিজের শতভাগ উজাড় করে দেয়। ডান পাশে সে খুব শক্তিশালী ও আক্রমণাত্মক। রক্ষণেও দক্ষ এবং ভীষণ পরিশ্রমী একজন ডিফেন্ডার। এই ম্যাচে তাঁকে অবশ্যই মিস করব। অন্য একজন খেলোয়াড় দিয়ে তাঁর শূন্যতা পূরণ করতে হবে।’

পাকিস্তান দলে নতুন পাঁচজন খেলোয়াড় যুক্ত হওয়ায় প্রতিপক্ষকে আরও শক্তিশালী মনে করছেন বাংলাদেশ কোচ। তিনি বলেন, ‘প্রতিপক্ষ হিসেবে প্রতিটি দলই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ও বিপজ্জনক। পাকিস্তান হয়তো এখন আমাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে তারা দুর্দান্ত ফল করেছে। নতুন পাঁচজন খেলোয়াড় ইউরোপে উচ্চপর্যায়ে খেলছেন। ফুটবল সম্পর্কে তাদের অবিশ্বাস্য জ্ঞান রয়েছে। তাই তাদের বিপক্ষে খেলাও কঠিন হবে। আমাদের শতভাগ প্রস্তুত থাকতে হবে।’

পাকিস্তানের এক স্ট্রাইকারের তিন গোল নিয়েও প্রশ্ন করা হয় ডুলিকে। জবাবে তিনি বলেন, ‘প্রতিপক্ষের সবাইকে নিয়েই আমি চিন্তিত। তবে আমাদের রক্ষণভাগও শক্তিশালী। আমাদের বিপক্ষে এখনো কেউ গোল করতে পারেনি। রক্ষণভাগের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। ওয়ান-টু-ওয়ান লড়াইয়েও তারা ভালো। এই টুর্নামেন্টের দলগুলো ইন্দোনেশিয়া কিংবা ইউরোপের শীর্ষ পর্যায়ের দল নয়, তারা আমাদের অঞ্চলের। দিন শেষে জয়টা কে বেশি চায়, সেটিই গুরুত্বপূর্ণ। আমাদের চেয়ে জয় বেশি আর কে চায়?’

দলের মধ্যে সবাই ঐক্যবদ্ধভাবেই সাফ জয়ের লক্ষ্যে কাজ করছে বলেও জানান তিনি। বলেন, ‘গত ম্যাচের আগে দলের ওয়ার্ম-আপ বিগত কয়েক বছরের মধ্যে সেরা ছিল। খেলোয়াড়রা মনোযোগী ও ইতিবাচক ছিল, একে অপরকে উৎসাহিত করছিল। হোটেলেও দারুণ এনার্জি ও ইতিবাচক পরিবেশ রয়েছে। দলে কোনো অহংকার নেই। সবাই সাফ জেতার লক্ষ্য নিয়ে কাজ করছে।’ শ্রীলঙ্কার বিপক্ষে চার গোল করলেও স্ট্রাইকারদের নিয়ে সতর্ক ডুলি। ‘চারটি গোল করার পর স্বস্তি পাওয়া স্বাভাবিক। ফাহিম বা ইব্রাহিম প্রথাগত ৯ নম্বর স্ট্রাইকার না হলেও বক্সে ঝুঁকি নিয়ে খেলতে পারে। ফাহিম দারুণ করেছে। পেনাল্টি বক্সে তার দ্রুত ড্রিবলিং প্রতিপক্ষকে সতর্ক রাখে। পাকিস্তানের লম্বা ডিফেন্ডারদের বিপক্ষেও দ্রুতগতির খেলোয়াড়রা সুবিধা দিতে পারে। সুকি বদলি হিসেবে নেমে চমৎকার খেলেছে। প্রতিপক্ষের খেলোয়াড়রাও আমাদের গতির প্রশংসা করেছে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যাবে না।’

তপু বর্মণ, সোহেল রানা ও বিশ্বনাথের শারীরিক অবস্থা নিয়ে কোচ বলেন, ‘দলের প্রত্যেকেই কালকের ম্যাচ খেলতে চায়। তপু সর্বশেষ ইতালির সান মারিনোতে খেলেছে। তার নিয়মিত অনুশীলনের ঘাটতি রয়েছে। নিয়মিত অনুশীলন না করে হুট করে একাদশে আসা যায় না, বিশেষ করে যখন তরুণরা ভালো খেলছে। তবে তপু আমাদের সঙ্গে অনুশীলন করছে, তার পায়ে ব্যথা নেই। দলের প্রয়োজনে সে মাঠে নামতে প্রস্তুত। অন্যদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।’

জাতীয় স্টেডিয়ামে আজও গ্যালারিভরা সমর্থক চান কোচ। তিনি বলেন, ‘আগের ম্যাচে স্টেডিয়ামে প্রায় ৮ থেকে ৯ হাজার আসন খালি ছিল। সমর্থকরা আসনগুলো পূর্ণ করে চিৎকার দিয়ে দলকে উৎসাহিত করলে শেষ মুহূর্তে আমরা বাড়তি শক্তি পাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights