দেশজুড়ে বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, থাকছে যাতায়াত ভাতা ও খাবারের সুবিধা

অনলাইন ডেস্ক

দেশের ৬৪ জেলায় তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিনা মূল্যে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’ ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদফতর।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন এই প্রকল্পের আওতায় দুই মাস মেয়াদি এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ তথ্য জানানো হয়।

কোর্সের মেয়াদ ও সময়কাল

আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত দুই মাস মেয়াদি এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। দৈনিক ৬ ঘণ্টা করে মোট ৫০ দিনে ৩০০ ঘণ্টার এই প্রশিক্ষণ পরিচালনা করা হবে।

আবেদনের যোগ্যতা

১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত বয়সীরা এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে। এ ছাড়া কম্পিউটার ও আইসিটি বিষয়ে বেসিক জ্ঞান থাকতে হবে। দেশের ৬৪ জেলার স্থায়ী বাসিন্দা (তরুণ ও তরুণীরা) আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধা

এই প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফি লাগবে না। বরং প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা এবং দৈনিক খাবারের সুবিধা পাবেন। কোর্স শেষে উত্তীর্ণদের সনদপত্র প্রদান করা হবে।

আবেদনের নিয়ম ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে www.dydaiproject.com/apply ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সম্পন্ন হলে আবেদনের কপিটি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।

বৈধ আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights