অ্যালিস হুয়াং কি সত্যিই চীনা গুপ্তচর? কী বলছে মার্কিন গোয়েন্দা সংস্থা

অনলাইন ডেস্ক
এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পেছনে মূল কেন্দ্রে ছিলেন অ্যালিস হুয়াং। তিনি আসলেই চীনের গুপ্তচর হিসেবে কাজ করছিলেন কি না, তা নিয়ে এখনো নিশ্চিত হতে পারেনি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। একাধিক সূত্রের বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত তার বিষয়ে যে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়েছে, তাতে প্রমাণ হয় না যে তিনি বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন।

চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় তাকে নিয়োগ দিয়েছিল কি না—সে বিষয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যেই মতভেদ রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই অন্তত এক বছর ধরে জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের সম্পর্কের বিষয়ে তদন্ত করছে। তবে মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ গত বৃহস্পতিবার জানান, অ্যালিস কে বা কে নন, সে বিষয়ে বিচার বিভাগ বা এফবিআই পরিচালক এখনো কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা অ্যালিসকে ‘চীনা গুপ্তচর’ আখ্যা দেওয়াকে অতিরঞ্জিত বলে মনে করছেন। সিআইএ কর্মকর্তারাও মনে করছেন, তার বিরুদ্ধে যেসব যোগাযোগের তথ্য পাওয়া গেছে, তা প্রমাণ করে না যে তিনি বেইজিংয়ে তথ্য পাচার করছিলেন।

তবে ট্রাম্প প্রশাসনের অন্য কিছু কর্মকর্তা ভিন্নমত পোষণ করেন। তাদের মতে, যেহেতু চীনের আইন অনুযায়ী নাগরিকদের রাষ্ট্রীয় গোয়েন্দা কাজে সহায়তা করা বাধ্যতামূলক, তাই এমন একজন সফল ব্যবসায়ী সরকারের হয়ে কাজ করবেন না—তা বিশ্বাস করা কঠিন। বিশেষ করে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিক থেকে হঠাৎ করে বিপুল অর্থের মালিক হয়ে ব্যবসায়ী বনে যাওয়া নিয়ে এফবিআইয়ের সন্দেহ সবচেয়ে বেশি।

অ্যালিস হুয়াংয়ের সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি ‘মেগাস্পিড’ এনভিডিয়া চিপের অন্যতম বড় ক্রেতা। শেল কোম্পানির মাধ্যমে চীনে নিষিদ্ধ চিপ পাচারের এক বৃহত্তর তদন্তের অংশ হিসেবে ২০২৪ সালে মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত শুরু করে মার্কিন বিচার ও বাণিজ্য বিভাগ। মেগাস্পিডকে কেন কালো তালিকাভুক্ত করা হয়নি, তা নিয়ে এখন হোয়াইট হাউসের ভেতরেই প্রশ্ন উঠেছে।

তবে সাবেক এক বাণিজ্য কর্মকর্তা বলেছেন, এ ঘটনার জন্য কোনো গোয়েন্দা অভিযানের দরকার ছিল না। কারণ, জেনসেন হুয়াং নিজেই চীনে আরও চিপ বিক্রির পক্ষে প্রকাশ্যে কথা বলেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights