ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে কত?
অনলাইন ডেস্ক
ধুলোবালি, যানবাহনের ধোঁয়া ও ক্ষতিকর বস্তুকণার কারণে ক্রমেই বাড়ছে বায়ুদূষণ। এর নেতিবাচক প্রভাব পড়ছে জনস্বাস্থ্য ও স্বাভাবিক জীবনযাত্রায়। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডও বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ বাড়িয়ে তুলছে। এরই ধারাবাহিকতায় বিশ্বের দূষিত শহরের তালিকায় আজও চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
শনিবার (১৪ নভেম্বর) সকাল পর্যন্ত ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ২০০ রেকর্ড করা হয়েছে। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এ মাত্রার বায়ু ‘অস্বাস্থ্যকর’।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে এ তথ্য উঠে এসেছে।
সূচক অনুযায়ী, বিশ্বের ১২৬টি শহরের মধ্যে ২৩০ স্কোর নিয়ে দূষিত বাতাসের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরটির বায়ুমান স্কোর ২১৮। ২০৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। অন্যদিকে ১৬৭ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে চীনের বেইজিং।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-কে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।
বাংলাদেশে বায়ুমান সূচক নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি উপাদানের ভিত্তিতে। এগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) ও ওজোন (ও৩)।
পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের ২০১৯ সালের মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ঢাকার বায়ুদূষণের প্রধান তিনটি উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলাবালি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ, ফুসফুসের ক্যানসার ও তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ে। সংস্থাটির হিসাবে, বিশ্বে প্রতিবছর বায়ুদূষণের কারণে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।
