বাঁশখালীতে ঘরের দরজা ভেঙে মিলল দুই সন্তান ও বাবার লাশ

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
ফাইল ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে ঘরের দরজা ভেঙে পাঁচ মাস বয়সি যমজ দুই শিশু ও তাদের পিতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মওলার পাড়া এলাকা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক।

নিহত ব্যক্তির নাম মো. জাহেদ হোসেন (৫০)। তিনি চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল আজানী পাড়ার বদিউল আলমের ছেলে। তার দুই মেয়ের নাম জারিন জান্নাত ও জাসিয়া জান্নাত। জাহেদ দেড় বছর আগে বিয়ে করেছিলেন বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন।

পুলিশের প্রাথমিক ধারণা, ওই ব্যক্তি দুই মেয়েকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়েছেন। জাহিদ শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে থাকতেন। সেখান থেকেই ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি রবিউল বলেন, দুপুরে তার স্ত্রী, শাশুড়ি ও পরিবারের লোকজন বাড়ির বাইরে গিয়েছিলেন। বাড়িতে দুই যমজ সন্তান নিয়ে ছিলেন জাহেদ। স্ত্রী-শাশুড়ি ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখে ডাকাডাকি করেন। কিন্তু দরজা না খোলায় তারা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস ঘরের দরজা ভেঙে লাশগুলো দেখতে পায়।

তিনি জানান, জাহেদ তার শাশুড়ির কাছে টাকা পেতেন। সেই টাকা না দেওয়ায় পারিবারিক কলহ চলছিল। এরকম বক্তব্য লেখা একটি চিরকুট পাওয়া গেছে। শিশু সন্তান দুইটি খাটে শোয়ানো ছিল। আর জাহিদ ঘরের চালের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলেছিলেন। ধারণা করা হচ্ছে দুই শিশু সন্তানকে শ্বাসরোধ করে খুনের পর জাহেদ নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights