সেন্টমার্টিন ভ্রমণে ভোগান্তিতে পর্যটক
হাসানুর রশীদ, কক্সবাজার
সেন্টমার্টিন ভ্রমণে পর্যটকদের আগ্রহ থাকলেও জাহাজের টিকিটের চড়া মূল্য ও কেনার ভোগান্তিতে প্রত্যাশিত পর্যটক আসছেন না দ্বীপটিতে। চলতি মৌসুমে সর্বনিম্ন রাউন্ড ট্রিপ টিকিটের দাম রাখা হচ্ছে ৪ হাজার ২০০ টাকা। এর সঙ্গে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে যাতায়াত ও দ্বীপে অবস্থানের খরচ যুক্ত হয়ে ভ্রমণ ব্যয় আরও বাড়ছে। এ ছাড়া কমিশন এজেন্টগুলো সুযোগ বুঝে হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা। সব মিলিয়ে ভোগান্তিতে পড়ছেন পর্যটকরা। এ পরিস্থিতিতে জাহাজের ভাড়া পুনর্নির্ধারণ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে তদারকি এবং অভিন্ন ভাড়া কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ বিষয়ে সংস্থাটির চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাড়া যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মৌসুমের শুরুতে চলাচল করা তিনটি জাহাজের সম্মিলিত ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন হলেও প্রতিদিন গড়ে ৫০০ থেকে ১ হাজারের কিছু বেশি পর্যটক পরিবহন করা হচ্ছে। ৬ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৬ হাজার ২০৪ জন পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করেছেন। তাঁদের মধ্যে ৮৩ জন বিদেশি। জানা গেছে, গত মৌসুমে জাহাজের সর্বনিম্ন রাউন্ড ট্রিপ ভাড়া ছিল সাড়ে ৩ হাজার টাকা। এবার তা বাড়িয়ে ৪ হাজার ২০০ টাকা করা হয়েছে। অর্থাৎ এক মৌসুমের ব্যবধানে ভাড়া বেড়েছে ২০ শতাংশ। পর্যটকদের অভিযোগ, জাহাজভাড়া, ঘাটে যাতায়াত ও অন্যান্য ব্যয় মিলিয়ে পরিবার নিয়ে সেন্টমার্টিন ভ্রমণ মধ্যবিত্ত ও শিক্ষার্থীদের নাগালের বাইরে চলে যাচ্ছে।
সেন্টমার্টিনের সাবেক প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, কক্সবাজার থেকে জাহাজ চলাচলের কারণ ও অতিরিক্ত টিকিটের দাম হওয়ায় পর্যাপ্তসংখ্যক পর্যটক ভ্রমণে আসছেন না।
ভাড়া নিয়ে অসন্তোষ : ঢাকা থেকে আসা পর্যটক শাওন বলেন, কক্সবাজার থেকে সেন্টমার্টিন পৌঁছাতে ৮-৯ ঘণ্টা চলে যাচ্ছে। এটা অনেক বিরক্তিকর ভ্রমণ। কক্সবাজারে পৌঁছে ঠিকমতো গাড়িও পাওয়া যায় না। তাই অনেকের আগ্রহ থাকলেও দ্বীপে কম যাচ্ছেন পর্যটক।
গাজীপুর থেকে আসা পর্যটক মিনহাজ বলেন, সাধারণ অভ্যন্তরীণ নৌ-রুটের (ঢাকা-বরিশাল লঞ্চভাড়া কিংবা সাধারণ নদীপথের ভাড়া) তুলনায় সেন্টমার্টিন সমুদ্র রুটের দূরত্ব বিবেচনায় অনেক বেশি। অভ্যন্তরীণ পর্যটকের জন্য যা অত্যন্ত ব্যয়বহুল। বিদেশি ও দেশীয় পর্যটকদের জন্য আলাদা ভাড়া নির্ধারণের দাবি জানান তিনি। যদিও ঘোষিত ভাড়াকে অযৌক্তিক মনে করেন না সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর। তিনি বলেন, ‘কয়েক মাসের পর্যটন মৌসুমের জন্য জাহাজগুলোকে সারা বছর পরিচালনা ব্যয় বহন করতে হয়। তবে সাধারণ পর্যটকদের সুবিধার জন্য ডেক ও ইকোনমি শ্রেণির ভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করা হলে জাহাজমালিকদের আপত্তি থাকবে না।’
বিআইডব্লিউটিএর কক্সবাজার কার্যালয়ের বন্দর ও পরিবহন বিভাগের উপপরিচালক নয়ন শীল বলেন, ‘ভাড়া নিয়ে পর্যটকদের আপত্তি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত সংগ্রহ করা হয়েছে। পর্যটক ও বিনিয়োগকারী উভয়ের স্বার্থ বিবেচনায় নিয়ে একটি গ্রহণযোগ্য ভাড়া কাঠামো তৈরির কাজ চলছে আমাদের।
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক : কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অবৈধভাবে ট্রলিং করে মাছ ধরার অভিযোগে ৩৮ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় দুটি আর্টিসানাল ট্রলিং বোট, ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। গতকাল বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার রাত ৩টার দিকে কোস্টগার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ বিশেষ অভিযান চালিয়ে মাছ ধরার সময় দুটি অবৈধ ট্রলিং বোট জব্দ করে। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ট্রলিং জাল ও সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ৩৮ জেলেকেও আটক করা হয়। কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও বলেন, জব্দ করা বোট, জাল ও মাছ এবং আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আটক জেলেদের থানায় হস্তান্তরের প্রস্তুতিও চলছে।
