ঠাকুরগাঁওয়ে গ্রাম আদালত নিয়ে সচেতনতামূলক সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা, আলোচনা ও ভিডিও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাতে উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া শুখনাপুকুর বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম, বিচারিক ক্ষমতা, সুযোগ-সুবিধা এবং স্বল্প খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তির পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ব্যক্তিদের গ্রাম আদালত সম্পর্কে প্রাথমিক ধারণা, বিচারপ্রার্থীদের সুযোগ-সুবিধা এবং আবেদন করার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হয়। পাশাপাশি গ্রাম আদালতের ইতিবাচক প্রভাব ও সফলতার বিভিন্ন দিক ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে নারগুন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুর সাত্তার ও নারী ইউপি সদস্য মোছা. লাকি আকতার উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ইউপি সদস্য আব্দুর সাত্তার বলেন, স্থানীয় পর্যায়ে বিভিন্ন বিরোধ গ্রাম আদালতের মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। এতে সাধারণ মানুষ সহজে ও স্বল্প খরচে নিজেদের বিরোধ নিষ্পত্তির সুযোগ পান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রদর্শিত ভিডিওর বিষয়বস্তুর ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights