ডিএনএ রিপোর্টে থমকে আছে ৩১৪ মামলার বিচার
ইমরান এমি, চট্টগ্রাম
চট্টগ্রাম আদালতে ডিএনএ (ডি-অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড) রিপোর্ট না পাওয়ায় আটকে আছে ৩১৪টি মামলার তদন্ত কার্যক্রম। ২০২২ থেকে ২০২৬ সালের মে পর্যন্ত এসব মামলার কাজ প্রায় শেষ হয়ে গেলেও ডিএনএ রিপোর্ট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে পারছেন না মামলার তদন্ত কর্মকর্তারা। এর বেশির ভাগই ধর্ষণ মামলা। আইনজীবীরা বলছেন, নারী ও শিশু ধর্ষণ এবং হত্যা মামলার ডিএনএ প্রতিবেদন সবার আগে দেওয়া উচিত।
জানা যায়, চট্টগ্রামে গত সাড়ে চার বছরে ৩৫৩টি মামলার তদন্ত প্রতিবেদন ডিএনএ রিপোর্ট না পাওয়ায় আটকে আছে। এর মধ্যে ২০২২ সালের ২টি, ২০২৩ সালের ৭টি, ২০২৪ সালের ৬০টি, ২০২৫ সালের ১৮৫টি ও ২০২৬ সালের অক্টোবর মাস পর্যন্ত ৩১৪টি মামলার তদন্ত কার্যক্রম ডিএনএ প্রতিবেদন না পাওয়ার কারণে আটকে আছে। ডিএনএ টেস্টের জন্য ঢাকায় নমুনা পাঠাতে হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে নমুনা পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকেই প্রতিবেদন দেওয়া হয়।
জানা গেছে, গত ২২ মে নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় চকলেট দেওয়ার কথা বলে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ অভিযোগ ওঠে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় মো. হাসানকে (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার সব কার্যক্রম শেষ হলেও ডিএনএ রিপোর্টের জন্য তদন্ত প্রতিবেদন জমা দিতে পারছে না পুলিশ। শুধু এ মামলা নয়, ডিএনএ রিপোর্টের কারণে ঝুলে আছে ৩১৪টি মামলা। ডিএনএ রিপোর্ট পেলে চূড়ান্তভাবে এসব মামলার রায় হয়ে যেত এ দীর্ঘ সময়ে। ডিএনএ রিপোর্ট পেতে দীর্ঘসূত্রতার কারণে সঠিক বিচারের আশা হারিয়ে হাল ছেড়ে দিচ্ছে ভুক্তভোগী অনেক পরিবার। চট্টগ্রাম মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার রইছ উদ্দিন বলেন, ডিএনএ প্রতিবেদনের জন্য ৩১৪টি মামলার তদন্ত আটকে আছে। ডিএনএ প্রতিবেদন পাওয়া গেলে এসব মামলার বেশির ভাগেরই চার্জশিট জমা দেওয়া যেত।
