মা বিড়াল হত্যা: ৬ মাস বাজারের সব কুকুর-বিড়ালকে খাওয়ানোর নির্দেশ

দিনাজপুর প্রতিনিধি

দোকানের কয়েক প্যাকেট বিস্কুট খাওয়ার ঘটনায় ফাঁদ পেতে একটি মা বিড়ালকে হত্যার অভিযোগ উঠেছে দিনাজপুরের ঘোড়াঘাটের বেকারি দোকানি সারোয়ার হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তার বিচার দাবিতে উপজেলা প্রশাসনের দ্বারস্থ হন স্থানীয় এক প্রাণিপ্রেমী যুবক। পরে দুই পক্ষকে ডেকে নিলে ওই দোকানি ভুল স্বীকার করলে তাকে ছয় মাস ওই বাজারের সব কুকুর ও বিড়ালের খাবারের ব্যবস্থা করতে বলা হয়েছে।

ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে বিড়াল হত্যার বিচার চেয়ে ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে যান স্থানীয় যুবক মেহেদী হাসান ইমু। এর আগে গত শনিবার রাতে ঘোড়াঘাট উপজেলার বলগাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

বিড়ালটির মৃত্যুর পর তার নিথর দেহ দোকানের সামনে পড়ে থাকতে দেখা যায়। মায়ের এমন পরিণতিতে অসহায় হয়ে পড়ে তার দুটি ছোট ছানা।

মেহেদী হাসান ইমু বলেন, নিহত বিড়ালটির দুটি ছোট ছানা রয়েছে। মায়ের মৃত্যুর পর ছানা দুটি অসহায় হয়ে পড়েছে। খাবারের সন্ধানে একটি দোকানে প্রবেশ করার কারণে এভাবে একটি প্রাণীকে হত্যা করার বিষয়টি মেনে নিতে পারিনি। এ কারণে ঘটনার প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিড়ালটি ওই দোকান থেকে কয়েক প্যাকেট বিস্কুটসহ বিভিন্ন খাবার খেয়ে ফেলেছিল। এতে ক্ষুব্ধ হয়েই দোকানি ফাঁদ পেতে রাখেন বলে অভিযোগ করেন ইমু।

অভিযোগের মুখে দোকানি সারোয়ার হোসেন নিজের দোষ স্বীকার করে ক্ষমা চান। তার দাবি, দীর্ঘদিন ধরে রাতে দোকান বন্ধ করার পর বিড়ালটি ভেতরে ঢুকে বিস্কুটসহ বিভিন্ন খাবার নষ্ট করছিল। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ফাঁদ পেতে রাখেন। সেই ফাঁদে আটকা পড়েই বিড়ালটির মৃত্যু হয়। নিজের এমন আচরণকে অন্যায় উল্লেখ করে অনুতপ্ত হওয়ার কথা জানান তিনি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলেও অঙ্গীকার করেন।

ঘটনার বিষয়ে ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি নজরে আসার পর বিচারপ্রার্থী যুবক ও সংশ্লিষ্ট দোকানদারকে ডেকে পাঠানো হয়। পরে ওই ব্যক্তি নিজের ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন। আপসরফা হিসেবে তাকে ছয় মাস ওই বাজারের সব কুকুর ও বিড়ালের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি তাকে সতর্ক করা হয়েছে। অবশ্য সেই দোকানি এতে সম্মতি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights