ভোটকেন্দ্রের আধিপত্য নিয়ে লড়াই

গোলাম রাব্বানী

ভোটকেন্দ্র কোথায় হবে-এ নিয়েই শুরু হয়েছে স্থানীয় নির্বাচনের নতুন লড়াই। ভোটারদের যাতায়াতের সুবিধা, নারী-বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের দুর্ভোগ এবং নিরাপত্তার কথা তুলে ধরে নির্বাচন কমিশনে একের পর এক আবেদন জমা পড়ছে। কোনো আবেদনে পুরোনো কেন্দ্র বহাল রাখার দাবি, কোথাও নির্ধারিত কেন্দ্র পরিবর্তন, আবার কোথাও নতুন উপকেন্দ্র স্থাপনের দাবি জানানো হয়েছে। ইসি সূত্র জানিয়েছে, এ পর্যন্ত নির্বাচন কমিশনে ভোটকেন্দ্র সংক্রান্ত আবেদন জমা পড়েছে ৩১৩টি। এর মধ্যে অনেক আবেদন ইতোমধ্যে নিষ্পত্তি করছে নির্বাচন কমিশন। কেউ কেউ আদালতেও যাচ্ছেন। কর্মকর্তারা বলছেন, স্থানীয় রাজনৈতিক প্রভাব ও আধিপত্য নিয়ে নানা জটিলতা থেকেই এসব আবেদন আসছে। অনেক এলাকায় দেখা গেছে রাজনৈতিক দলের নেতারাই এসব আবেদন করার নেপথ্যে কাজ করছেন। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, ভোটকেন্দ্র নিয়ে প্রার্থীদের অনেক হিসাবনিকাশ থাকে, তাই কেন্দ্র পরিবর্তনের এমন আবেদন হতে পারে। যেসব আবেদন আমলযোগ্য, সেগুলো পুনঃতদন্ত হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

নির্বাচন কমিশনে সম্প্রতি জমা পড়া কয়েকটি আবেদনের নথি বিশ্লেষণ করে দেখা যায়, এসব আবেদনের পেছনে শুধু ভোটারদের সুবিধার বিষয়ই নয়, স্থানীয় নির্বাচনের ভোটের সমীকরণও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একটি কেন্দ্রের অবস্থান পরিবর্তন হলে কয়েক হাজার ভোটারের ভোট দেওয়ার স্থান বদলে যায়। ফলে কোনো কোনো এলাকায় কেন্দ্রের নিয়ন্ত্রণ ও অবস্থানকে প্রার্থীদের জয়-পরাজয়ের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখা হচ্ছে। কুমিল্লার বুড়িচং উপজেলার ৪ নম্বর ষোলনল ইউনিয়নের একটি ভোটকেন্দ্র নিয়ে নির্বাচন কমিশনে দেওয়া আবেদনে নির্ধারিত কেন্দ্রের আংশিক অংশ কর্তন করে নতুন কেন্দ্র স্থাপনের দাবি জানানো হয়েছে। আবেদনকারীদের ভাষ্য, ভোটকেন্দ্রের বর্তমান অবস্থান ও ভোটারদের যোগাযোগব্যবস্থা বিবেচনায় নিয়ে কেন্দ্র পুনর্বিন্যাস করা প্রয়োজন। আবেদনে বলা হয়েছে, ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চিত করতে কেন্দ্রের অবস্থান আরও সুবিধাজনক করা দরকার। তবে স্থানীয় পর্যায়ে এমন কেন্দ্র পরিবর্তনের উদ্যোগ নিয়ে প্রশ্নও রয়েছে। কারণ, কেন্দ্রের আওতাভুক্ত ভোটারদের একটি অংশ অন্যত্র সরিয়ে নেওয়া হলে সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটের হিসাবও বদলে যেতে পারে। কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জলিলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভোটকেন্দ্র হিসেবে রাখার বিষয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে। বদিউল আলমসহ আবেদনকারীদের দাবি, বর্তমান কেন্দ্রটি ওয়ার্ডের একেবারে উত্তর পাশে হওয়ায় ভোটারদের যাতায়াতে সমস্যা হয়। বিশেষ করে নারী, বয়স্ক, প্রতিবন্ধী ও দূরবর্তী এলাকার ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দুর্ভোগের আশঙ্কা রয়েছে। এ কারণে দারুল হিকমাহ আল-মালেকিয়া দাখিল মাদ্রাসায় ভোটকেন্দ্র স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু স্থানীয় নির্বাচনের বাস্তবতায় এই পরিবর্তনের সঙ্গে ভোটের হিসাবও জড়িয়ে আছে। একটি কেন্দ্রের অবস্থান বদলালে কারা সহজে কেন্দ্রে যেতে পারবেন এবং কোন এলাকার ভোটারদের উপস্থিতি বাড়বে-তা প্রার্থীদের জন্য বড় কৌশলগত বিষয়। বদিউল আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা আবেদন করেছি। আমাদের কেন্দ্রটা অনেক ঝুঁকিপূর্ণ। তাই পরিবর্তন চেয়েছি।

খানসামায় পুরোনো কেন্দ্র বহালের দাবি : দিনাজপুরের খানসামা উপজেলার আংগারপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র নিয়েও নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে। রশিদুল ইসলাম শাহ এলাকাবাসীর পক্ষে এই আবেদন করেন। আবেদনকারীর দাবি, পূর্বে নির্ধারিত ছাতিয়ানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভোটকেন্দ্র হিসেবে বহাল রাখা হোক। নথিতে বলা হয়েছে, পূর্বনির্ধারিত কেন্দ্র পরিবর্তন করে অন্য একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বিপুলসংখ্যক ভোটারকে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে ভোট দিতে যেতে হবে। আবেদনকারীর ভাষ্য, নতুন কেন্দ্রটি ওয়ার্ডের এক প্রান্তে হওয়ায় ভোটারদের যাতায়াতে সমস্যা হবে। এতে বিশেষ করে নারী ও বয়স্ক ভোটারদের দুর্ভোগ বাড়বে এবং ভোটার উপস্থিতি কমতে পারে। এখানেও কেন্দ্র পরিবর্তনকে ঘিরে স্থানীয় পর্যায়ে বিরোধ তৈরি হয়েছে।

কেন্দ্র বদলেই বদলাতে পারে ভোটের সমীকরণ : নির্বাচনসংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় নির্বাচনে প্রতীক না থাকায় ভোটকেন্দ্রের গুরুত্ব আরও বেড়েছে। প্রার্থী, তার পরিবার, ব্যক্তিগত জনপ্রিয়তা, স্থানীয় নেটওয়ার্ক এবং সমর্থকদের প্রভাব-সবকিছু মিলিয়ে একটি কেন্দ্রের ভোটের হিসাব করা হয়। ফলে কেন্দ্রের অবস্থান পরিবর্তন হলে কোনো প্রার্থীর সুবিধা বা অসুবিধা তৈরি হতে পারে। বিশেষ করে যেসব কেন্দ্রে ভোটারসংখ্যা বেশি, সেসব কেন্দ্র নিয়ে প্রার্থীদের আগ্রহও বেশি। কেন্দ্রের অবস্থান, যাতায়াতের রাস্তা, নিরাপত্তা এবং ভোটারদের উপস্থিতির ওপর ফলাফলের বড় অংশ নির্ভর করবে। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ভোটকেন্দ্র নিয়ে আবেদন আসছে। কমিশনের কাছে যদি আবেদনটি গ্রহণযোগ্য হয়; কমিশন মনে করলে পুনঃতদন্তে দেবেন। আর যদি মনে করেন তদন্ত লাগবে না তবে তাই। তিনি বলেন, তফসিল ঘোষণা হলে ভোটকেন্দ্র নিয়ে আবেদন করার সুযোগ থাকবে না। তার আগে যে সব আবেদন আসবে তা বিশ্লেষণ করা হবে। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ভোটকেন্দ্র নিয়ে প্রার্থীদের অনেক হিসাবনিকাশ থাকে। ভোটকেন্দ্র যাতে নিয়ন্ত্রণে থাকে সেটাই সব প্রার্থী চান। অনেক সময় ভোটকেন্দ্র দখল করাসহ প্রভাব বিস্তারের জন্য প্রার্থীরা নিজেদের মতো করে কেন্দ্র স্থাপনের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights