বাস্তবসম্মত মজুরি প্রস্তাব দেওয়া উচিত মালিকদের
তনিমা রহমান
নাজমা আক্তার বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমিক সংগঠন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি। দীর্ঘদিন পোশাকশ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিয়ে কাজ করছেন
নিত্যপণ্যের দাম বাড়ছে, বাড়ছে বাসাভাড়া, গ্যাস-বিদ্যুৎ ও চিকিৎসার খরচ। কিন্তু সেই অনুপাতে বাড়ছে না পোশাকশ্রমিকদের আয়। এমন পরিস্থিতিতে পোশাকশ্রমিকদের জন্য যৌক্তিক মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাজমা আক্তার।
তিনি বলেন, একজন শ্রমিক সারা দিন কারখানায় পরিশ্রম করেন। তাঁর নিজের খাবার, পরিবারের খরচ, বাসাভাড়া, চিকিৎসা এবং সন্তানদের পড়াশোনার ব্যয় রয়েছে। আশুলিয়ায় এখন ৮ হাজার টাকার নিচে বাসাভাড়া পাওয়া কঠিন। একটি পরিবারের চারজন সদস্যের খাবারের খরচও অনেক বেশি। শ্রমিকদের খাবারের তালিকায় সাধারণত পাঙাশ মাছ, ফার্মের মুরগি কিংবা কম দামের অন্যান্য খাবার থাকে। সেগুলো কিনতেও এখন হিমশিম খেতে হচ্ছে তাঁদের।
তিনি বলেন, কয়েক বছর আগেও যে বিদ্যুৎ বিল ১ হাজার ২০০ টাকা ছিল, এখন তা বেড়ে ২ হাজার ৫০০ টাকা হয়েছে। অথচ শ্রমিকদের আয় সেই অনুপাতে বাড়েনি। কারখানায় ডে-কেয়ার সেন্টার রাখার আইন থাকলেও অনেক কারখানায় তা মানা হয় না। ফলে অনেক মা তাঁদের ছোট সন্তানকে গ্রামের বাড়িতে রেখে কাজে আসতে বাধ্য হন। এমনকি দুই মাসের শিশুকেও মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত হতে হয়। মজুরির হিসাব তুলে ধরে নাজমা আক্তার বলেন, ২০২৩ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ১২ হাজার ৫০০ টাকা। তখন ডলারের হিসাবে এই মজুরি ছিল প্রায় ১০০ থেকে ১০১ ডলার। এখন ডলারের দাম বেড়েছে, কিন্তু শ্রমিকের মজুরি সেই অনুপাতে সমন্বয় হয়নি। ডলারের মূল্যবৃদ্ধিতে মালিকপক্ষ রপ্তানি আয়ে সুবিধা পেলেও শ্রমিকদের ক্রয়ক্ষমতা কমেছে। তাঁর মতে, বর্তমান বাস্তবতায় শ্রমিকদের মজুরি আরও বাড়ানো প্রয়োজন।
তিনি আরও বলেন, এবার শুধু শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরির প্রস্তাব দেওয়া হয়নি, মজুরি কাঠামোর অন্য চারটি গ্রেডের জন্যও প্রস্তাব রয়েছে। তবে মালিকপক্ষ এখনো তাদের প্রস্তাব দেয়নি। নিরপেক্ষ সদস্যের প্রস্তাবও আসবে। সব পক্ষের বক্তব্য শোনার পর আলোচনা হতে পারে। এখনই ছাড় দেওয়ার প্রশ্ন নয়, শ্রমিকদের জন্য যৌক্তিক মজুরি নিশ্চিত করাই মূল বিষয়।
মজুরি বোর্ড গঠনে দেরি হওয়ায় অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন অস্থিরতার কারণে কারখানার বাইরে শ্রমিক অসন্তোষের ঘটনাও ঘটছে। তবে সব ঘটনার জন্য শ্রমিকদের দায়ী করা ঠিক নয়। অনেক সময় শ্রমিকরা কারখানার ভিতরে কাজ করেন, বাইরে থেকে অন্যরা এসে ইটপাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি অস্থির করে তোলে। এসব ঘটনার পেছনে কারা রয়েছে, তা খুঁজে বের করার দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট সংস্থার।
নাজমা আক্তারের অভিযোগ, শ্রমিকদের অধিকার ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে মালিকপক্ষের দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পরিবর্তন আসেনি। পাঁচ বছর পরপর মজুরি নির্ধারণের সময় শ্রমিকদের নানা দুর্ভোগের কথা সামনে আসে। কিন্তু এর মধ্যবর্তী সময়ে মূল্যস্ফীতি বা জীবনযাত্রার ব্যয় বাড়লেও শ্রমিকদের জন্য বাড়তি সুবিধার উদ্যোগ খুব কম দেখা যায়। আইন সংশোধন করে পাঁচ বছরের পরিবর্তে তিন বছরের মধ্যে মজুরি পুনর্নির্ধারণের সুযোগ তৈরি হলেও এবারও বিষয়টি নিয়ে মালিকপক্ষের আপত্তি ছিল।
মজুরি নির্ধারণে অতীতের অভিজ্ঞতা তুলে ধরে নাজমা আক্তার বলেন, শ্রমিকরা যে পরিমাণ মজুরি দাবি করেন, শেষ পর্যন্ত তার অর্ধেক বা তারও কম পান। একসময় ৮ হাজার টাকা দাবি করে ৫ হাজার টাকা, পরে ৮ হাজার টাকা দাবি করে ৫ হাজার ৩০০ টাকা এবং সর্বশেষ ২৫ হাজার টাকা দাবি করেও ১২ হাজার ৫০০ টাকা পেয়েছেন শ্রমিকরা।
