টুঙ্গিপাড়া থানায় আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় লকার ভেঙে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া এবং পুলিশের অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ থানায় অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। পরে তাদের ছাড়িয়ে নিতে থানায় যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে স্থানীয় মসজিদ থেকে ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংগঠিত হন। পরে তারা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় পুলিশ কম্পাউন্ডে থাকা পুলিশের গাড়ি, মোটরসাইকেল ও বাসভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে থানার লকার ভেঙে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া এবং পুলিশের অস্ত্র লুটের ঘটনা ঘটে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা দেখা যায়।

টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ জানান, টুঙ্গিপাড়া থানা, চৌরঙ্গীর মোড় ও বাঁশবাড়িয়াসহ কয়েকটি স্থানে আগুন দেওয়ার খবর পেয়েছেন তাঁরা।

এ ছাড়া স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ থেকে রিজার্ভ ফোর্স টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে নিলফা বাজার এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা। এ সময় আনসার ব্যাটালিয়নের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার ও টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি।

প্রতিবেদন লেখা পর্যন্ত টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতার খবর পাওয়া যাচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights