ঝালকাঠি যুবদলের শীর্ষ দুই নেতার পদ স্থগিত

ঝালকাঠি প্রতিনিধি
দলীয় নীতি ও আদর্শপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন ও সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খানের পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। তাদের সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদই স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) কেন্দ্রীয় যুবদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

দুপুর দেড়টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থগিতাদেশের এই বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়ে। পরে যুবদলের ভেরিফায়েড ফেসবুক পেজেও বিজ্ঞপ্তিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

এ বিষয়ে ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার জানান, কয়েকজন নেতাকর্মী তাকে এ-সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। তবে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

অন্যদিকে পদ স্থগিত হওয়া সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, আমি দলের নীতি-আদর্শের বিরোধী কোনো কাজ করিনি। তবুও দলীয় সিদ্ধান্ত মেনে দলের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করব।

এদিকে, জেলা যুবদলের শীর্ষ এই দুই নেতার পদ হঠাৎ স্থগিত হওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights