বকেয়া রাজস্ব আদায়ে মাঠে ওয়াসা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বকেয়া রাজস্ব আদায়ে মাঠে নেমেছে ওয়াসার রাজস্ব ও প্রকৌশল বিভাগের সমন্বয়ে গঠন করা আটটি মনিটরিং টিম। একই সঙ্গে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ও লাইসেন্সবিহীন গভীর নলকূপ চিহ্নিত করে বন্ধ বা জরিমানা দিয়ে লাইসেন্স গ্রহণের পর বৈধ করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নগরের গোলপাহাড় মোড় এলাকায় বকেয়া গ্রাহকের ২টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ৪টি গভীর নলকূপ লাইসেন্সের আওতায় আনার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। অভিযানে মোট ৩ লাখ টাকা বকেয়া আদায় করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সংস্থাটির প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে।

তিনি বলেন, চট্টগ্রাম ওয়াসা সম্প্রীতি বকেয়া আদায়ে জোর তৎপরতা শুরু করেছে। অবৈধ গভীর নলকূপ স্থাপনকারীদের বিরুদ্ধেও ওয়াসা আইনী পদক্ষেপ গ্রহণ করছে। সর্বোপরি সরকারের রাজস্ব আদায়ে চট্টগ্রাম ওয়াসা বদ্ধপরিকর। সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বকেয়া পরিশোধ ও গভীর নলকূপের লাইসেন্স করার জন্য অনুরোধ করছি।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, ওয়াসা বকেয়া রাজস্ব আদায়ে বদ্ধ পরিকর। গঠিত আটটি মনিটরিং টিম জোরালেভাবে কাজ করছে। বকেয়া গ্রাহকদের কাছ কাছে আমাদের অনুরোধ- এটি সরকারের রাজস্ব তাই মওকুফ করার সুযোগ নাই। সকল বকেয়া গ্রাহকরা বিল পরিশোধ করে ওয়াসার সেবা উত্তোরোত্তর বৃদ্ধিতে সহায়তা করার আহ্বান জানাই।

তিনি বলেন, অবৈধ সংযোগ ও লাইসেন্সবিহীন গভীর নলকূপ স্থাপনকারীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিয়েছি। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে অভিযান আরো জোরালো করা হবে। সকলকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে বৈধ গ্রাহক এবং নলকূপের লাইসেন্স করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights