মুচলেকা দিয়ে ছাড়া পেলেন জবির সেই ৫ কর্মকর্তা
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাময়িক বহিষ্কৃত সেই পাঁচ কর্মকর্তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের না হওয়ায় প্রায় ১৪ ঘণ্টা পর মুচলেকা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার রাতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি রবিউল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ওই পাঁচ কর্মকর্তার নিরাপত্তার স্বার্থে তাদের থানায় রাখার আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই তাদের থানায় নিরাপদে রাখা হয়। পরে প্রক্টরিয়াল বডির জিম্মায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, আগের দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ৫ কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করাই ছিল প্রশাসনের মূল দায়িত্ব। সে অনুযায়ী রাতের বেলা নিরাপত্তার স্বার্থেই তাদের থানায় পাঠানো হয়েছিল।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, ইউটিএল, সাদা দল, কর্মকর্তা-কর্মচারী সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মিলিত সিদ্ধান্তে তাদের থানা থেকে ফিরিয়ে আনা হয়। এরপর মুচলেকা নিয়ে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে তল্লাশি চালিয়ে এই ৫ কর্মকর্তাকে আটক করেন শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাদের মারধর করে প্রক্টর অফিসে হস্তান্তর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সাময়িক বহিষ্কার করে এবং রাত সাড়ে ৩টার দিকে নিরাপত্তার জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করে।
ইতিমধ্যে এই ৫ কর্মকর্তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ জন্য চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এই কমিটি প্রতিবেদন জমা দিলে তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সাময়িক বহিষ্কৃত ওই পাঁচ কর্মকর্তা হলেন: পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।
