ধর্ম, বর্ণ, লিঙ্গ বা ভাষার কারণে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে : ঢাবি উপাচার্য
সাংস্কৃতিক প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বাংলাদেশের সকল ক্ষুদ্র গোষ্ঠীর মাতৃভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের উপর গুরুত্বারোপ করে বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই-যেখানে মানুষ তার ধর্ম, বর্ণ, লিঙ্গ, ভাষা বা নৃতাত্ত্বিক পরিচয়ের কারণে নিজেকে ক্ষুদ্র মনে না করে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে ‘সাংস্কৃতিক বহুত্ববাদ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ এ আলোচনা সভার আয়োজন করে।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সকল সংকীর্ণতার দেয়াল ভেঙে বুদ্ধিবৃত্তিক উদারতা এবং মানবিক সেতুবন্ধন তৈরি করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের ইতিহাস কেবল উচ্চশিক্ষা বিস্তারের ইতিহাস নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এই ভূখণ্ডের মানুষের আত্মপরিচয় অনুসন্ধান এবং গণতান্ত্রিক চেতনার উন্মেষের ইতিহাস।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এমন একটি মুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে ভিন্ন মত এবং ভিন্ন সংস্কৃতির চর্চা ও সংলাপ চলবে। সাংস্কৃতিক বহুত্ববাদ এবং উন্নয়ন আলোচনায় নারীর অংশগ্রহণ থাকবে। নারীর সাংস্কৃতিক এবং জ্ঞানভিত্তিক ক্ষমতায়ন নিশ্চিত করার উপর তিনি গুরুত্বারোপ করেন।
হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোকাম্মেল এইচ ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় মূল বক্তা ছিলেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া।
আলোচনায় অংশগ্রহণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, সময় টিভির সিইও জুবায়ের বাবু এবং মানবাধিকার কর্মী ও সংগঠক মেইনথিন প্রমীলা।
