‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার

শোবিজ ডেস্ক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি কোয়ার্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাতে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করা হয়। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে পরবর্তী পদক্ষেপের কথা জানানো হবে।

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। অভিযোগ রয়েছে, ওই গ্রুপের সদস্যরা ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন প্রচার-প্রচারণায় অংশ নিয়েছিলেন। এমনকি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছিল গ্রুপের আলোচনায়।

জ্যোতিকা জ্যোতি ওই গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে। চব্বিশের জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একাধিক থানায় মামলাও হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights