রাজনৈতিক সমঝোতা ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব নয়: কাতারের আমির
অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক সমঝোতার ওপর গুরুত্ব দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। জার্মানির রাজধানী বার্লিনে সফরকালে তিনি বলেছেন, আলোচনাই সংকট সমাধানের একমাত্র পথ। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর চলমান উদ্যোগ নিয়ে জার্মান নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন তিনি।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে জার্মানি গেছেন কাতারের আমির। বার্লিনে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে যৌথভাবে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
শেখ তামিম বলেন, ‘শান্তি এবং স্থায়ী শান্তি ও নিরাপত্তা কেবল রাজনৈতিক সমঝোতার মাধ্যমেই অর্জন করা সম্ভব।’ সংলাপের মাধ্যমে সংকট সমাধানের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
জার্মানিকে কাতারের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে দুই দেশের সহযোগিতা আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন কাতারের আমির।
এদিকে, বিশ্লেষকেরা মনে করছেন, এই সফরের মধ্য দিয়ে কাতার ও জার্মানির সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করতে পারে। এত দিন দুই দেশের সম্পর্ক প্রধানত বাণিজ্যনির্ভর থাকলেও এখন নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতা গুরুত্ব পাচ্ছে।
আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে মিডল ইস্ট কাউন্সিল ফর গ্লোবাল অ্যাফেয়ার্সের গবেষক শেখা আল আনুদ বিনতে হামাদ আল থানি বলেন, কাতার ও জার্মানির নিরাপত্তা নিয়ে উদ্বেগের ধরনে ক্রমেই মিল দেখা যাচ্ছে।
তার মতে, ইউরোপীয় দেশগুলো বিভিন্ন ধরনের সমন্বিত যুদ্ধকৌশল ও অস্ত্রের হুমকি মোকাবিলা করছে। কাতারও শাহেদ ড্রোনসহ এমন অস্ত্রের হামলার শিকার হয়েছে, যা নিয়ে ইউরোপীয় দেশগুলো উদ্বিগ্ন।
এ ছাড়া গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালির পরিস্থিতিও দুই দেশের জন্য উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেন তিনি।
জার্মানির প্রকৌশল ও যন্ত্রপ্রযুক্তিগত সক্ষমতার প্রশংসা করে গবেষক আল আনুদ বলেন, এসব ক্ষেত্রে কাতার ও জার্মানির মধ্যে কোনো ধরনের ব্যবস্থা বা চুক্তির ঘোষণা আসতে পারে বলে তিনি আশা করছেন।
