ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, পোল্যান্ডের ভূখণ্ডেও ক্ষেপণাস্ত্রের আঘাত
অনলাইন ডেস্ক
ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার চালানো এই হামলায় রাজধানী কিয়েভে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে প্রাণ গেছে আরও দুজনের। হামলায় দেশটির বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ পরিবহন অবকাঠামোও। এদিকে প্রতিবেশী ন্যাটো সদস্য পোল্যান্ডের ভূখণ্ডে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ঘটনাটিকে পরিকল্পিত উসকানি হিসেবে অভিহিত করে মস্কোর বিরুদ্ধে অভিযোগ তুলেছে ওয়ারশ।
ইউক্রেনের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার এই অভিযানে ৮০টির বেশি ক্ষেপণাস্ত্র ও প্রায় ৪০০টি ড্রোন ব্যবহার করা হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একে চলমান যুদ্ধের অন্যতম বড় রুশ হামলা হিসেবে বর্ণনা করেছেন। তাঁর অভিযোগ, ইউক্রেনের জনগণের ওপর রাশিয়ার সন্ত্রাসী তৎপরতা আরও তীব্র হয়েছে।
হামলার কয়েক ঘণ্টা আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নেন তিনি।
বৃহস্পতিবার বার্লিনে ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। সেখানে তিনি বলেন, শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্পকে সঙ্গে নিয়ে বিশ্বব্যবস্থার মানচিত্র নতুন করে সাজানোর পুতিনের প্রচেষ্টা সফল হয়নি।
অন্যদিকে চীনে দেওয়া বক্তব্যে পুতিন বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের যৌথ দায়িত্বের কথা তুলে ধরেন। এ সময় তিনি শান্তির পক্ষে একটি ঘোষণাপত্র জারি করেন। তবে সেখানে ইউক্রেনে রাশিয়ার প্রায় পাঁচ বছর ধরে চলা সামরিক অভিযানের কোনো উল্লেখ ছিল না।
বিদ্যুৎ ও পরিবহন অবকাঠামোয় ব্যাপক ক্ষতি
রুশ হামলায় কিয়েভের গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটির মেয়র ভিতালি ক্লিটসকো জানিয়েছেন, নিপ্রো নদীর ওপর থাকা তিনটি গুরুত্বপূর্ণ সেতুতে হামলা হয়েছে। এতে রাজধানীর স্বাভাবিক যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
হামলার সময় রাত কাটাতে কিয়েভের মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, স্টেশনগুলোর ভেতরে ইয়োগা ম্যাট, ক্যাম্পিং চেয়ার ও অস্থায়ী তাঁবু ব্যবহার করে রাত পার করছেন বাসিন্দারা। রুশ বিমান হামলা থেকে বাঁচতে এসব স্টেশন নিয়মিত আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।
ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, দেশের জ্বালানি অবকাঠামোয় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রভাবে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কৃষ্ণসাগরীয় বন্দরনগরী ওডেসায় বিদ্যুৎ বিপর্যয় সংকটজনক পর্যায়ে পৌঁছেছে। এ ছাড়া কিয়েভসহ আরও ১০টি অঞ্চলে বিদ্যুৎবিহীন পরিস্থিতির খবর পাওয়া গেছে।
রাশিয়ার সামরিক বাহিনীও শুক্রবারের হামলার বিষয়টি স্বীকার করেছে। তাদের দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের সামরিক-শিল্প স্থাপনা এবং পরিবহন অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে কিয়েভের সেতুও ছিল।
এদিকে ইউক্রেনে রুশ হামলার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের অনুরোধ জানিয়েছে ফ্রান্স। দেশটির বক্তব্য, নিরাপত্তা পরিষদে রাশিয়াকে তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে।
পোল্যান্ডের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র, ন্যাটোকে জানাল ওয়ারশ
ইউক্রেনে রাশিয়ার হামলার মধ্যেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে প্রতিবেশী পোল্যান্ডে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বাঞ্চলীয় নোয়ি লিপোয়িয়েকে গ্রামে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া আরও দুটি স্থানে আরেকটি ক্ষেপণাস্ত্র ও জেটচালিত ড্রোন আঘাত করেছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক অভিযোগ করেছেন, দেশটির আকাশসীমায় এসব অস্ত্রের প্রবেশ কোনো দুর্ঘটনা নয়, বরং ইচ্ছাকৃত ঘটনা। ওয়ারশ টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পোল্যান্ডের ভূখণ্ডে চলমান সামরিক মহড়ার সঙ্গে এই উসকানির সম্পর্ক থাকতে পারে।
উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব পোল্যান্ডে বর্তমানে হাজার হাজার ইউরোপীয় সেনা সামরিক মহড়ায় অংশ নিচ্ছেন। টাস্ক বলেন, ঘটনাটিকে নিছক কাকতালীয় হিসেবে দেখার কোনো সুযোগ নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে ন্যাটোকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
পোলিশ প্রধানমন্ত্রী আরও জানান, ন্যাটোর মহাসচিব মার্ক রুটে শনিবার ওয়ারশ সফর করবেন। সে সময় তাঁকে ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
ইউক্রেন যুদ্ধ নিয়ে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে আলোচনা হওয়ার কথা, সেখানে ইউরোপের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত পাঁচটি দেশের একটি পোল্যান্ড।
শিশু হতাহতের সংখ্যা বাড়ছে
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। এর মধ্যে তাপমাত্রা কমতে শুরু করায় হামলার মাত্রাও বাড়িয়েছে মস্কো। ফলে আসন্ন শীতকাল যুদ্ধের সবচেয়ে ভয়াবহ সময় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, রাশিয়ার দূরপাল্লার হামলা জোরদার হওয়ার পাশাপাশি চলতি বছর ইউক্রেনে বেসামরিক মানুষের প্রাণহানিও বেড়েছে।
শুক্রবার প্রকাশিত এক তথ্যে ইউনিসেফ জানিয়েছে, ২০২৬ সালের প্রথম ১০ মাসে ইউক্রেনে অন্তত ১১৪ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১ হাজার ৩০ জন। গত তিন বছরের যেকোনো সময়ের তুলনায় যাচাইকৃত শিশু হতাহতের এই সংখ্যা সর্বোচ্চ।
সংস্থাটির হিসাবে, প্রতিদিন গড়ে তিনজনের বেশি শিশু নিহত অথবা আহত হচ্ছে। ইউক্রেনে শিশুদের বিরুদ্ধে সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ।
এদিকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কূটনৈতিক প্রচেষ্টা চললেও দৃশ্যমান অগ্রগতি নেই। রাশিয়া নিজেদের কঠোর অবস্থান ও দাবিতে অনড় থাকায় আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে।
পুতিনের বক্তব্য, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যেকোনো চুক্তির সঙ্গে ইউরোপের নিরাপত্তা নিয়ে বৃহত্তর সমঝোতা থাকতে হবে। বৃহস্পতিবার চীনে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, ইউক্রেনের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর যেকোনো ধরনের সামরিক সহযোগিতা ওই সমঝোতার ক্ষেত্রে সমস্যা হিসেবে বিবেচিত হবে।
সূত্র : এএফপি।
