আওয়ামী লীগের নৈরাজ্য মোকাবিলায় মাঠে থাকার ঘোষণা এমপি রনির
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনি বলেছেন, শেখ হাসিনা এ দেশে ফিরবেন না, এমনকি তার মরদেহও দেশে আসবে না। তিনি আরও বলেন, শেখ হাসিনা যা করছেন, তা কেবল নাটক। গোপালগঞ্জে সন্ত্রাসী গোষ্ঠী ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সরকার চাইলে এক ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারত, কিন্তু তা করেনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে গাজীপুর মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা মাঠে রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে জ্বালাও-পোড়াও, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলা করা হবে।
শুক্রবার (২০ নভেম্বর) গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে সালনা পর্যন্ত মোটরসাইকেল মহড়া আয়োজন করা হয়। মহড়া শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন মঞ্জুরুল করিম রনি।
তার নেতৃত্বে আয়োজিত মহড়ায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. হান্নান মিয়া হান্নু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল এবং স্বেচ্ছাসেবক দল নেতা সিরাজুল ইসলাম সাথী প্রমুখ।
