নতুন ভাড়াবাড়িতে আমির, মাসে গুনতে হবে ৫১ লাখ টাকা
অনলাইন ডেস্ক
ভারতের মুম্বাইয়ের অভিজাত এলাকায় তিনটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিয়েছেন বলিউড অভিনেতা আমির খান। এজন্য প্রতিমাসে তাকে গুনতে হবে ৩৮ লাখ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫১ লাখ টাকা। চার বছরের চুক্তিতে নেওয়া এই ফ্ল্যাটগুলোর ভাড়ার অঙ্ক নিয়ে ইতোমধ্যেই বলিপাড়ায় আলোচনা শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মুম্বাইয়ের সান্তাক্রুজ পশ্চিম এলাকার নর্থ অ্যাভিনিউয়ে ‘সিজনস ত্রিমূর্তি’ আবাসনের ১১, ১২ ও ১৪ তলায় ফ্ল্যাট তিনটি অবস্থিত। এর মধ্যে ছয় হাজার ২০০ বর্গফুটের সবচেয়ে বড় ফ্ল্যাটটির মাসিক ভাড়া ২০ লাখ রুপি। আর তিন হাজার বর্গফুট আয়তনের বাকি দুটি ফ্ল্যাটের প্রতিটির ভাড়া নয় লাখ রুপি করে। প্রতিটি ফ্ল্যাটের সঙ্গে তিনটি করে গাড়ি পার্কিংয়ের সুবিধা থাকায়, সেখানে মোট নয়টি গাড়ি রাখতে পারবেন এই অভিনেতা।
আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এই ভাড়ার চুক্তি কার্যকর হবে। চলবে ২০৩০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। ৪৮ মাসের এই চুক্তিতে প্রতিবছর ভাড়া ৫ শতাংশ হারে বাড়বে। ফ্ল্যাটগুলো ভাড়া নিতে আমির খান অগ্রিম বা সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা দিয়েছেন এক মাসের ভাড়ার সমপরিমাণ অর্থ, অর্থাৎ ৩৮ লাখ রুপি। এই ভাড়ার মধ্যেই আবাসনের রক্ষণাবেক্ষণ, পানির বিল এবং পৌরসভা ও সম্পত্তি কর অন্তর্ভুক্ত থাকবে।
মুম্বাইয়ে ভাড়া ফ্ল্যাটে থাকার অভিজ্ঞতা আমির খানের জন্য অবশ্য নতুন নয়। এর আগে ২০২৫ সালে বান্দ্রার পালি হিল এলাকায় ২৪ লাখ ৫০ হাজার রুপি মাসিক ভাড়ায় চারটি ফ্ল্যাট নিয়েছিলেন তিনি। সে সময় বান্দ্রার ভার্গো কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে তার নিজস্ব ফ্ল্যাটে সংস্কারকাজ চলছিল।
ভাড়া বাসায় উঠলেও মুম্বাইয়ে আমির খানের নিজস্ব সম্পত্তির পরিমাণও কম নয়। পালি হিল ছাড়াও হিল ভিউ, বেলা ভিস্তা এবং মেরিনা অ্যাপার্টমেন্টে তার নিজস্ব আবাসন রয়েছে।
ধারণা করা হচ্ছে, পালি হিলে তার নিজস্ব আবাসনের পুনর্নির্মাণকাজ চলমান থাকায় তিনি সাময়িকভাবে ভাড়া বাড়িতে থাকছেন। তাছাড়া বলিউড তারকারা অনেক সময় বসবাসের পাশাপাশি অন্য দাপ্তরিক প্রয়োজনেও একই ভবনে একাধিক ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন। মূলত নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান, মিটিং বা ব্যক্তিগত কর্মীদের কাজের জায়গা হিসেবেই এসব ফ্ল্যাট ব্যবহার করা হয়। তবে নতুন এই ফ্ল্যাটগুলো ভাড়া নেওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আমির খান বা ফ্ল্যাট মালিকদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
