অবাধে ঢুকছে ভারতীয় বাইক

নজরুল মৃধা, রংপুর

রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে দেশে ঢুকছে ভারতীয় মোটরসাইকেল। এতে কোটি কোটি টাকার রাজস্ব হারাছে সরকার। সেই সঙ্গে নম্বরবিহীন এসব মোটরসাইকেল চোরাই পণ্য পরিবহনসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার হচ্ছে। অভিযোগ রয়েছে, অবৈধভাবে দেশে ঢোকা ভারতীয় মোটরসাইকেল কেনাবেচার সিন্ডিকেটকে সহায়তা করছে কিছু অসাধু পুলিশ ও বিআরটিএর একশ্রেণির অসাধু কর্মকর্তা।

খোঁজ নিয়ে জানা গেছে, সীমান্ত এলাকা পেরিয়ে জেলা শহরগুলোতে ঢুকছে ভারতীয় মোটরসাইকেল। এর পর নকল বিআরটিএর কাগজপত্র দিয়ে কতিপয় আইনশৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করে চলছে এ ব্যবসা। অবৈধ এসব মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের জন্য বিভিন্ন জেলায় গড়ে উঠেছে রিকন্ডিশন্ড গাড়ির দোকান। পুরোনো গাড়ি বেচা-কেনার নামে এসব শো-রুম যারা পরিচালনা করছেন তারা পুলিশ ও বিআরটিএর কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত আদায় করা হচ্ছে মাসোহারা। সীমান্তসংলগ্ন হাটবাজারে ভারতীয় মোটরসাইকেলের আনাগোনা সবচেয়ে বেশি। এসব মোটরসাইকেলে করে চোরাই পণ্য আনা-নেওয়া করা হচ্ছে। সীমান্ত এলাকায় ব্যবহৃত এসব বাইকের অধিকাংশেরই নেই কোনো নম্বর পেট। নম্বর প্লেটবিহীন এসব মোটরসাইকেল ব্যবহার করছে অপরাধী চক্র কিংবা চোরাচালানিরা।

বিভিন্ন সূত্রে জানা গেছে, দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় বিজিবি নিয়মিত অভিযানে মাদক ও চোরাই পণ্য উদ্ধার করছে এবং জব্দকৃত মালামালের মধ্যে মোটরসাইকেলও রয়েছে। চলতি নভেম্বরের প্রথম সপ্তাহে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় রুপি, মাদকদ্রব্য, একটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ বাংলাদেশি টাকাসহ এক চোরাকারবারিকে আটক করে। সম্প্রতি দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় একটি হিরো ডিলাক্স ১০০ সিসি মোটরসাইকেল জব্দের খবর পাওয়া গেছে।

সীমান্ত এলাকার একটি সূত্র জানায়, সিন্ডিকেট চক্রের সদস্যরা প্রথম ভারতীয় অবৈধ মোটরসাইকেল দুই দেশের সীমান্তঘেঁষা বিভিন্ন এলাকায় রাখে। এরপর সেখান থেকে একটি মহলকে ম্যানেজ করে নিরাপদ রুটে বাংলাদেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে বিক্রি করা হচ্ছে। সূত্রমতে, এসব মোটরসাইকেল মূলত কেনেন পুরোনো মোটরসাইকেল বিক্রেতারা। রংপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল রুবায়েত বলেন, ‘সীমান্তে চোরাচালান প্রতিরোধসহ যে কোনো অনিয়ম প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছেন। লাইসেন্স ছাড়া ভারতীয় মোটরসাইকেল রাস্তায় চলাচল করলে বিষয়টি পুলিশের দেখার কথা।’

রংপুর চেম্বারের সভাপতি আলহাজ এমদাদ হোসেন বলেন, চোরাইপথে আসা ভারতীয় মোটরসাইকেলে সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি সরকারও বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। মোটরসাইকেল চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights