বিমান চলাচলে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আইকাওয়ের আলোচনা

অনলাইন প্রতিবেদক

কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) ৪৩তম বিশেষ অধিবেশনের সাইডলাইনে সংস্থাটির মহাসচিব হুয়ান কার্লোস সালাজার গোমেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও আইকাওয়ের মধ্যকার সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন, বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, পরিবেশগত টেকসই উন্নয়ন এবং উদীয়মান বিমান চলাচল প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

মহাসচিব বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে আইকাওয়ের আগ্রহের কথা জানান এবং সংস্থার সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা আরও বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি তিনি পরিবেশগত টেকসই উন্নয়ন এবং ‘অ্যাডভান্সড এয়ার মোবিলিটি’র (উন্নত আকাশপথ যোগাযোগ ব্যবস্থা) সম্ভাবনার কথা উল্লেখ করে বিমান চলাচল উন্নয়নের এই নতুন ক্ষেত্রগুলোতে কাজ করার জন্য বাংলাদেশকে উৎসাহিত করেন।

মন্ত্রী বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে কারিগরি দক্ষতা, বিমান চলাচলের নিরাপত্তা তদারকি (সেফটি ওভারসাইট), পরিদর্শকদের প্রশিক্ষণ এবং পেশাগত উন্নয়নের ক্ষেত্রে তিনি আইকাও-এর সহায়তা কামনা করেন।

তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিমান চলাচল খাতের উন্নয়নকে গুরুত্ব সহকারে দেখছেন এবং এই শিল্পকে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকটি আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা এবং একটি নিরাপদ, সুরক্ষিত, দক্ষ ও টেকসই বৈশ্বিক বিমান চলাচল ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ ও আইকাওয়ের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছে।

অনুষ্ঠিত এই বৈঠকে কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. জসীম উদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights