আফগানিস্তানের পাহাড়ের নিচে লুকিয়ে আছে তিন লাখ কোটি ডলারের গুপ্তধন?

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে তেল, গ্যাস, ধাতু, কাঁচামাল ও অন্যান্য প্রাকৃতিক খনিজ সম্পদের মূল্য তিন ট্রিলিয়ন ডলারেরও বেশি বলে অনুমান করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই দেশটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হিসেবে পরিচিত। তবে বিপুল প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও দেশটির অর্থনীতি দুর্বল বলে মনে করা হয়।

এই প্রাকৃতিক সম্পদের একটি বড় অংশ এখনো মাটির নিচে রয়েছে। সেগুলো উত্তোলনের কাজও শুরু হয়নি। আফগানিস্তানে কী পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে এবং সেগুলোর আর্থিক মূল্য কত, তা নিয়ে বিভিন্ন ধরনের হিসাব ও অনুমান রয়েছে।

সহজভাবে বিষয়টি বোঝাতে বলা যায়, আফগানিস্তানে যদি তিন ট্রিলিয়ন (তিন লাখ কোটি) ডলারের সম্পদ থাকে এবং দেশটির সাধারণ ও উন্নয়ন বাজেট মিলিয়ে বার্ষিক ব্যয় যদি প্রায় ১০ বিলিয়ন (এক হাজার কোটি) ডলার হয়, তাহলে এই সম্পদের মূল্য দিয়ে প্রায় ৩০০ বছর দেশটির বাজেটের ব্যয় মেটানো সম্ভব। সে ক্ষেত্রে কোনো ধরনের বৈদেশিক সহায়তার প্রয়োজন হবে না।

কোথায় কী সম্পদ রয়েছে?
এই প্রতিবেদনে আফগানিস্তানের খনিজ সম্পদ ও প্রাকৃতিক সম্পদের একটি চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দেশটির কোন প্রদেশে কী ধরনের সম্পদ রয়েছে, সেগুলোর পরিমাণ কত এবং সরকারের নির্ধারিত আনুষ্ঠানিক মূল্য কত, তা পর্যালোচনা করা হয়েছে।

বিবিসি ফ্যাক্ট চেকের এই প্রতিবেদনে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশের খনিতে মজুত সম্পদ ও খনিগুলোর বর্তমান অবস্থা বিশ্লেষণ করা হয়েছে।

আফগানিস্তানের খনিজ সম্পদ নিয়ে প্রথম বড় আকারের গবেষণা পরিচালনা করেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। ওই অভিযানের সময় দেশটির বিভিন্ন অঞ্চলের ভূতাত্ত্বিক মানচিত্র তৈরি করা হয়।

এ সময় শিলা ও ভূগর্ভস্থ স্তরের মূল্যায়ন, আকাশপথে জরিপ এবং খনিজ সম্পদের ভাণ্ডার অনুসন্ধানের কাজ করা হয়েছিল। এসব গবেষণার কিছু নথি আফগানিস্তানের খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে। অন্য কিছু নথি সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর রাশিয়ায় নিয়ে যাওয়া হয়। এরপরও আফগানিস্তানের প্রাকৃতিক সম্পদ নিয়ে গবেষণা ও অনুসন্ধান অব্যাহত ছিল।

আফগানিস্তানের প্রাকৃতিক সম্পদ ও তার পরিমাণ
উদাহরণ হিসেবে, ২০০৭ সালেও আফগানিস্তানে এ বিষয়ে সমীক্ষা চালানো হয়। পরে ২০১১ সালে আফগানিস্তান জিওলজিক্যাল সার্ভে (আফগানিস্তানের ভূতাত্ত্বিক জরিপ) এবং ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (মার্কিন ভূতাত্ত্বিক জরিপ) যৌথভাবে জরিপ পরিচালনা করে।

এসব সমীক্ষায় আফগানিস্তানে সোনা, তামা, লোহা, অ্যালুমিনিয়াম, সীসা, দস্তা, টিন, টাংস্টেন ও পারদের মজুত শনাক্ত করা হয়েছে। পাশাপাশি দেশটিতে তেল ও প্রাকৃতিক গ্যাসেরও বিশাল ভাণ্ডার রয়েছে।

এই প্রতিবেদন তৈরির সময় আফগানিস্তানের খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের নথি ও তথ্য পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি ভূতত্ত্ব ও খনিজ সম্পদ বিভাগের সরকারি কর্মকর্তা এবং বিশেষজ্ঞ সংস্থাগুলোর প্রতিবেদন, জরিপ ও পরিসংখ্যানও খতিয়ে দেখা হয়েছে।

বিভিন্ন সংস্থার তথ্যে ও অনুমানে যেখানে পার্থক্য পাওয়া গেছে, সেখানে সংশ্লিষ্ট সূত্র ও তথ্যের ভিত্তি যাচাই করা হয়েছে। এসব পর্যবেক্ষণের মাধ্যমে আফগানিস্তানে প্রমাণিত মজুত সম্পদ এবং সম্ভাব্য খনিজ সম্পদের মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করা হয়েছে।

আফগানিস্তানের প্রাকৃতিক সম্পদকে মূলত চার ভাগে ভাগ করা হয়েছে।

১. ধাতু: সোনা, তামা, লোহা, অ্যালুমিনিয়াম, দস্তা, সীসা ও অন্যান্য ধাতু।

২. মূল্যবান পাথর: লাপিস লাজুলি, পান্না, রুবি ও অন্যান্য পাথর। লাপিস লাজুলি গাঢ় নীল রঙের এক ধরনের রূপান্তরিত শিলা, যা প্রাচীনকাল থেকেই রত্ন হিসেবে গুরুত্বপূর্ণ।

৩. বিরল উপাদান: লিথিয়াম, ইউরেনিয়াম ও অন্যান্য উপাদান।

৪. তেল, গ্যাস ও কয়লা।

ধাতব খনিজ
এই বিভাগে সোনা, লোহা, তামা, অ্যালুমিনিয়াম, সীসা ও দস্তাসহ অন্যান্য মৌলিক ধাতুর মজুত পরীক্ষা করা হয়েছে। এসব সম্পদের মূল্য এক ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলারেরও বেশি বলে অনুমান করা হচ্ছে।

সোনা : আফগানিস্তানের বেশির ভাগ সোনার খনি বাদাখশান ও তাখার প্রদেশের কিছু এলাকায় অবস্থিত। এ ছাড়া জাবুল ও গজনীতে দুই হাজার ৭০০ কেজি খাঁটি সোনার মজুত শনাক্ত করা হয়েছে।

একটি হিসাব অনুযায়ী, আফগানিস্তানে মোট সোনার মজুত প্রায় ৬৮২ টন। দেশটির কয়েকটি তামার খনিতেও সোনার মজুত রয়েছে। সোনার বর্তমান বৈশ্বিক বাজারমূল্য অনুযায়ী, আফগানিস্তানের এই মজুতের মূল্য প্রায় ১০৭ বিলিয়ন বা ১০ হাজার ৭০০ কোটি ডলার।

বর্তমানে মূলত বাদাখশান প্রদেশের সোনার খনিগুলোতে উত্তোলনের কাজ চলছে।

কিছুদিন আগে তালেবান সরকারের পানিসম্পদ ও জ্বালানিবিষয়ক মন্ত্রী মোহাম্মদ ইউনুস আখুন্দজাদা জানিয়েছিলেন, সরকার বাদাখশানের খনি থেকে প্রতি মাসে কয়েক টন সোনা উত্তোলন করছে।

আফগানিস্তানের তাখার প্রদেশে ‘চা আব’ নামে একটি সোনার খনি রয়েছে। সেখানে ৩১ টন সোনার মজুত রয়েছে বলে অনুমান করা হয়।

পাঁচ বছরের জন্য ‘চায়না আফগানিস্তান’ এবং ‘জারওয়ার আফগানিস্তান’ নামে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে। এই চুক্তির মূল্য ৩১ কোটি ডলার। খনি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই খনি থেকে পাওয়া সম্পদের রয়্যালটিতে সরকারের ৫৬ শতাংশ অংশ নির্ধারণ করা হয়েছে।

ইস্পাত বা লোহা : আফগানিস্তানে এ অঞ্চলের সবচেয়ে বড় লৌহ আকরিকের ভাণ্ডার রয়েছে। দেশটিতে প্রায় তিন বিলিয়ন বা ৩০০ কোটি টন লৌহ আকরিক মজুত রয়েছে।

তবে এই পরিসংখ্যান চূড়ান্ত নয়। আরও অনুসন্ধানের পর মজুতের পরিমাণ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এখন পর্যন্ত আফগানিস্তানের বামিয়ান, পাঞ্জশির, পারওয়ান, হেরাত, কান্দাহার, বাদাখশান ও কাবুল প্রদেশে লৌহ আকরিকের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। গবেষকেরা গোটা দেশে ৭২টি লৌহ আকরিকের খনি ও খনিজ ভাণ্ডারের তথ্যও সংরক্ষণ করেছেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিগুলোর মধ্যে রয়েছে বামিয়ানের হাজিগাক, পাঞ্জশিরের তাল ও নুকরা খানা, পারওয়ানের জাবাল আল-সিরাজ, হেরাতের পালাংসুর, কান্দাহারের হাজী আলম, বাদাখশানের সায়াজির এবং কাবুলের পাগমান এলাকার খনি।

গত কয়েক বছরে তালেবান সরকারের খনি মন্ত্রণালয়ের পক্ষ থেকে হেরাত প্রদেশের ঘোরিয়ান এলাকার চারটি লৌহ আকরিকের ব্লক ইজারা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব খনিতে প্রায় ১.৮ বিলিয়ন বা ১৮০ কোটি টন লোহা রয়েছে। এসব চুক্তির মোট মূল্য ২.৫ বিলিয়ন বা ২৫০ কোটি মার্কিন ডলার।

বিশ্ববাজারে প্রতি টন লৌহ আকরিকের দাম প্রায় ১০০ ডলার। সেই হিসাবে আফগানিস্তানে মজুত লৌহ আকরিকের আনুমানিক মূল্য ৩০০ বিলিয়ন বা ৩০ হাজার কোটি ডলারের বেশি।

তামা : আফগানিস্তানে এ অঞ্চলের সবচেয়ে বড় তামার ভাণ্ডার রয়েছে। আগের হিসাব অনুযায়ী, দেশটিতে প্রায় তিন মিলিয়ন বা ৩০ লাখ টন তামা মজুত রয়েছে বলে জানা যায়। নতুন প্রতিবেদনে এই মজুতের পরিমাণ ছয় মিলিয়ন বা ৬০ লাখ টন উল্লেখ করা হয়েছে।

বিশ্ববাজারে প্রতি টন তামার দাম ১০ হাজার থেকে ১২ হাজার ডলারের মধ্যে। সেই হিসাবে আফগানিস্তানের মজুত তামার আনুমানিক মূল্য ৭২০ বিলিয়ন বা ৭২ হাজার কোটি ডলার পর্যন্ত হতে পারে।

আফগানিস্তানের লোগার, হেরাত, জাবুল, গজনী, সরপুল ও বাদগিশ প্রদেশে তামার মজুত রয়েছে বলে জানা গেছে।

এসব খনির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লোগার প্রদেশের মোহাম্মদ আঘা জেলায় অবস্থিত ‘আয়নাক’ খনি। এটিকে আফগানিস্তানের বৃহত্তম তামার খনি এবং এশিয়ার অন্যতম বড় তামার আধার হিসেবে বিবেচনা করা হয়।

১৯৭০ ও ১৯৮০-এর দশকে পরিচালিত জরিপ থেকে জানা যায়, এই খনিতে প্রায় ২৪ কোটি টন তামা মজুত রয়েছে।

আফগানিস্তানের খনি মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই খনি থেকে ১.১৫ কোটি টন তামা উত্তোলন করা সম্ভব, যার মূল্য প্রায় ৫০ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি মার্কিন ডলার।

এই খনি থেকে তামা উত্তোলনের জন্য ২০০৮ সালে চীনা কোম্পানি এমসিসির সঙ্গে ২.৯ বিলিয়ন বা ২৯০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

তালেবান আবার ক্ষমতায় আসার পর ২৪৫ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত মেস আইনাক তামার খনি ‘টেভার’ নামে একটি বেসরকারি কোম্পানির কাছে ৩০ বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে। এই প্রকল্পে ৪১১ মিলিয়ন বা ৪১ কোটি ১০ লাখ ডলার বিনিয়োগ এবং সরকারকে ১২ শতাংশ রয়্যালটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানিটি।

অ্যালুমিনিয়াম : আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যালুমিনিয়ামের মজুত রয়েছে জাবুল প্রদেশে। সেখানে আনুমানিক ১১ মিলিয়ন বা এক কোটি ১০ লাখ টন অ্যালুমিনিয়াম রয়েছে।

লোহার পর বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতু হলো অ্যালুমিনিয়াম। নির্মাণ, পরিবহন ও প্রযুক্তিশিল্পে ধাতুটির গুরুত্ব অনেক।

বিশ্ববাজারে অ্যালুমিনিয়ামের গড় দাম প্রতি টনে তিন থেকে চার হাজার ডলারের মধ্যে। জাবুল, কান্দাহার ও বাঘলানে উত্তোলনযোগ্য অ্যালুমিনিয়ামের মজুতের মোট মূল্য ৩০ বিলিয়ন বা তিন হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হয়।

সীসা, দস্তা, টিন, টাংস্টেন ও পারদ : আফগানিস্তানে সীসা, দস্তা, টিন, টাংস্টেন ও পারদেরও উল্লেখযোগ্য মজুত রয়েছে। কান্দাহারে দেশটির সবচেয়ে বড় সীসা ও দস্তার মজুত রয়েছে, যার পরিমাণ প্রায় ৯০ হাজার টন বলে অনুমান করা হয়। কান্দাহারে টিন ও টাংস্টেনের মজুতও পাওয়া গেছে।

তালেবান সরকার বামিয়ান ও ঘোর প্রদেশে সীসা ও দস্তার খনিও চুক্তির মাধ্যমে ইজারা দিয়েছে। ঘোর প্রদেশের খনির মূল্য ৫০.৭ কোটি ডলার বলে জানা গেছে।

তবে এসব খনিজের সঠিক মজুতের পরিমাণ এখনো জানা যায়নি। এ জন্য আরও অনুসন্ধানের প্রয়োজন।

দক্ষিণ-পশ্চিম আফগানিস্তানে পারদের মজুত প্রায় ৩২ হাজার টন বলে অনুমান করা হয়।

দ্বিতীয় ভাগ: মূল্যবান পাথর :

দীর্ঘদিন ধরেই মূল্যবান পাথরের জন্য বিশেষভাবে পরিচিত আফগানিস্তান। এই তালিকায় রয়েছে লাপিস লাজুলি, পান্না, রুবি ও গার্নেট।

এসব মূল্যবান পাথরের প্রধান খনিগুলো বাদাখশান, পাঞ্জশির, কুনার, নুরিস্তান ও কাবুলে অবস্থিত।

বাদাখশানের লাপিস লাজুলি এবং পাঞ্জশিরের পান্নার আন্তর্জাতিক খ্যাতি রয়েছে। তবে আফগানিস্তানে মজুত মূল্যবান পাথরের সঠিক পরিমাণ এখনো জানা যায়নি। আন্তর্জাতিক বাজারে এসব পাথরের মূল্য কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

মার্বেল পাথর : আফগানিস্তানে মার্বেল পাথরেরও বিশাল মজুত রয়েছে। দেশটির খনি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেখানে ১.৩ বিলিয়ন বা ১৩০ কোটি টন মার্বেল রয়েছে বলে অনুমান করা হয়।

চীনা বিশেষজ্ঞদের মতে, শুধু চীনে মার্বেল রপ্তানি করেই আফগানিস্তান বছরে ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডলার আয় করতে পারে।
তৃতীয় ভাগ: বিরল উপাদান
আফগানিস্তানে রেয়ার আর্থ বা বিরল মৃত্তিকা মৌলেরও বিশাল ভাণ্ডার রয়েছে। দেশটিতে ১৪ লাখ টন বিরল মৃত্তিকা মৌল মজুত রয়েছে বলে অনুমান করা হয়।

এ ছাড়া হেলমান্দ প্রদেশের খানশিন অঞ্চলে ইউরেনিয়ামসহ ৩৫ লাখ টন বিরল খনিজ রয়েছে। বিরল মৃত্তিকা মৌল শব্দটি ১৭টি রাসায়নিক উপাদানের জন্য ব্যবহৃত হয়। আধুনিক প্রযুক্তি ও শিল্পে এসব উপাদানের ব্যাপক ব্যবহার রয়েছে।

স্মার্টফোন, কম্পিউটার, চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন শিল্পপণ্য তৈরিতে এসব উপাদান অপরিহার্য। আফগানিস্তানে লিথিয়াম, বারাইট, অ্যাসবেস্টস, সেলেস্টাইট, কাদামাটি ও পটাশেরও প্রচুর মজুত রয়েছে।

এসব খনিজের মধ্যে লিথিয়ামের বিশেষ গুরুত্ব রয়েছে। কিছু হিসাব অনুযায়ী, আফগানিস্তানের লিথিয়াম মজুতের মূল্য এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলার পর্যন্ত হতে পারে।

আফগানিস্তানের গজনী, ফারাহ ও দাইকুন্ডি প্রদেশে আনুষ্ঠানিকভাবে লিথিয়ামের মজুত শনাক্ত করা হয়েছে। অন্যান্য অঞ্চল থেকেও লিথিয়াম পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ধারণা করা হয়, আফগানিস্তানের লিথিয়াম ভাণ্ডারের বিস্তৃতি হেরাত থেকে নুরিস্তান পর্যন্ত। কয়েক দশক ধরে এসব এলাকায় খনিজ অনুসন্ধানের কাজ চলছে। এই সম্পদ আফগানিস্তানকে গুরুত্বপূর্ণ খনিজের বিশাল মজুত থাকা দেশগুলোর তালিকায় স্থান করে দিতে পারে।

এসব খনিজ ছাড়াও আফগানিস্তান ট্যাল্ক রপ্তানি করে। ট্যাল্ক বা ট্যালকাম একটি প্রাকৃতিক খনিজ, যা হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট দিয়ে গঠিত।

চতুর্থ ভাগ: তেল, গ্যাস ও কয়লা
আফগানিস্তানে প্রচুর পরিমাণে তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। দেশটিতে প্রায় ১.৬ বিলিয়ন বা ১৬০ কোটি ব্যারেল তেল এবং ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাস মজুত রয়েছে বলে ধারণা করা হয়।

আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল ও গ্যাসের মজুত রয়েছে আমু দরিয়া ও আফগান-তাজিক অববাহিকায়। এর বিস্তৃতি বালখ, জাওজান, ফারিয়াব, সরপুল ও সামাঙ্গান প্রদেশের কিছু অঞ্চল পর্যন্ত।

এ ছাড়া পশ্চিম ও দক্ষিণ আফগানিস্তানেও তেল ও গ্যাসের মজুত রয়েছে। এর মধ্যে রয়েছে হেরাত-ত্রিপোলি অববাহিকা, হেলমান্দ অববাহিকা ও কাতভাজ অববাহিকা।

এসব প্রাকৃতিক সম্পদ আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এগুলো দেশটির অন্যতম প্রধান জ্বালানির উৎস হিসেবেও বিবেচিত হতে পারে।

আফগানিস্তানে ক্ষমতায় আসার পর তালেবান সরকার ২০২৩ সালের জুলাইয়ে ঘোষণা দিয়েছিল, তারা দেশের দৈনিক তেল উৎপাদন বাড়িয়ে এক হাজার ২০০ টনে উন্নীত করেছে। এই উৎপাদন আফগানিস্তানের মোট তেলের চাহিদার প্রায় ১০ শতাংশ।

ধারণা করা হয়, দেশটিতে প্রতিদিন আট হাজার থেকে ১০ হাজার টন তেলের প্রয়োজন হয়। বছরে আফগানিস্তানের মোট তেলের চাহিদা প্রায় ২৭ মিলিয়ন বা ২৭০ লাখ টন। এর বড় একটি অংশ আমদানি করতে হয়।

আফগানিস্তানের খনি মন্ত্রণালয়ের ২০১৯ সালে প্রকাশিত আনুষ্ঠানিক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির তেলক্ষেত্র ও কূপগুলোতে প্রায় ১.৬ বিলিয়ন বা ১৬০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল, ১.৬ ট্রিলিয়ন বা এক লাখ ৬০ হাজার কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস এবং ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ব্যারেল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রয়েছে।

ওই প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের যৌথ মূল্যায়নের কথাও উল্লেখ করা হয়েছে। এই হিসাব অনুযায়ী, আফগানিস্তানে শুধু অপরিশোধিত তেলের বর্তমান মূল্য প্রায় ১০৭ বিলিয়ন বা ১০ হাজার ৭০০ কোটি ডলার।

কয়লা : আফগানিস্তানে প্রায় এক বিলিয়ন বা ১০০ কোটি টন কয়লার মজুত রয়েছে বলে জানা গেছে। এসব কয়লার গুণগত মানও ভালো বলে মনে করা হয়।

দেশটির প্রধান কয়লার মজুত বাদাখশান থেকে হেরাত পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চল তাখার, কুন্দুজ, বাগলান, সামাঙ্গান, বালখ, সরপুল, বামিয়ান, দাইকুন্ডি, জাওজান ও বাদগিশের মধ্য দিয়ে গেছে।

এখন পর্যন্ত আফগানিস্তানে ১১৩টিরও বেশি কয়লাখনি ও খনিজ ভাণ্ডার শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৮টি খনিতে ৮৪ কোটি ৭০ লাখ টনেরও বেশি কয়লা রয়েছে বলে অনুমান করা হয়।

কয়লা আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ। দেশটির উল্লেখযোগ্য কয়লাখনিগুলো সামাঙ্গান, বামিয়ান, তাখার, বাগলান, হেরাত ও সরপুলে অবস্থিত।

তালেবান ক্ষমতায় ফেরার প্রথম চার বছরে আফগানিস্তান ১১০ কোটি ডলারেরও বেশি মূল্যের কয়লা রপ্তানি করেছে। কয়লা রপ্তানি এখন দেশটির আয়ের অন্যতম বড় উৎস হয়ে উঠেছে।

এই কয়লার উল্লেখযোগ্য ক্রেতা দেশগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান, ইরান, তুরস্ক, ভারত ও চীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights