ফের শঙ্কায় পোশাক খাত

রাশেদ হোসাইন

দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক খাত এখন বহুমুখী সংকটে। মজুরি কেন্দ্র করে সৃষ্ট শ্রমিক অসন্তোষ এবং এর জের ধরে সহিংস আন্দোলন-এ খাতকে বড় ধরনের অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। টানা আন্দোলনের জেরে প্রতিদিন গড়ে ১০০-এর বেশি কারখানা বন্ধ থাকছে। এতে যেভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে, তাতে বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাকের ‘মেড ইন বাংলাদেশ’ ইমেজ নষ্ট হতে চলেছে। বিশেষ করে বিদেশি ক্রেতারা নিরাপত্তার অভাবে মুখ ফিরিয়ে নিচ্ছেন এবং অনেক ক্রয়াদেশ এরই মধ্যে প্রতিযোগী দেশগুলোতে চলে যেতে শুরু করেছে। সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের যে অবস্থান, তা হারানোর শঙ্কা দেখা দিয়েছে।

পোশাক খাতসংশ্লিষ্টদের মতে, শ্রমিক আন্দোলনের কারণে প্রতিদিন গড়ে ১০০-এর বেশি কারখানা বন্ধ থাকছে। এতে প্রতিদিন প্রায় ৫০০ কোটি টাকার বেশি ক্ষতি হচ্ছে। এভাবে আন্দোলন চলতে থাকলে এ মৌসুমে ক্রয়াদেশ কমতে পারে ১৫-২০ শতাংশ। চলমান এ অস্থিরতা ও ক্রয়াদেশ হারানোর নেতিবাচক প্রভাব ডিসেম্বর মাস থেকেই অর্থনীতিতে স্পষ্টভাবে দৃশ্যমান হতে শুরু করবে। আন্দোলনে পোশাক খাতের পাশাপাশি ব্যাংক, বিমা, ব্যাকওয়ার্ড লিংকেজ ও পরিবহনের মতো সম্পর্কিত অন্যান্য ব্যবসাবাণিজ্যকেও ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। আসন্ন শীতের মৌসুমে পিছিয়ে পড়তে পারে বাংলাদেশ। বাংলাদেশের পোশাকশিল্পে প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে এবং দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে।

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫ প্রতিবেদন অনুসারে বিশ্বে পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। গত বছরে বাংলাদেশ ৩৮ দশমিক ৮২ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। এ সময় তৃতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের রপ্তানি প্রায় ২ বিলিয়ন ডলার বেশি। তবে প্রবৃদ্ধির দিক থেকে এগিয়ে রয়েছে ভিয়েতনাম। যেখানে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ১ শতাংশ, সেখানে ভিয়েতনামের প্রবৃদ্ধি প্রায় ১১ শতাংশ।

ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে বাংলাদেশ থেকে ১৩ দশমিক ৪৮ বিলিয়ন ইউরোর তৈরি পোশাক ইইউর বাজারে রপ্তানি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় বাংলাদেশের রপ্তানি কমেছে ১১ দশমিক ৯১ শতাংশ। ইইউর বাজারে প্রধান পোশাক সরবরাহকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের রপ্তানিই সবচেয়ে বেশি কমেছে।

চলমান আন্দোলনে বাংলাদেশ থেকে পণ্য সরবরাহ নিয়ে ইন্ডিটেক্স-এইচঅ্যান্ডএমসহ বড় ক্রেতাদের উদ্বেগ বাড়ছে। ইন্ডিটেক্স ও এইচঅ্যান্ডএমের মতো বড় প্রতিষ্ঠানের পোশাক সংগ্রহের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস বাংলাদেশ। তবে সময়মতো পণ্য পাওয়া নিয়ে অনিশ্চয়তা এ দুই বড় ক্রেতাসহ বাংলাদেশ থেকে পোশাক কেনা আন্তর্জাতিক ক্রেতাদের ভাবাচ্ছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ক্রয়াদেশ দেওয়া প্রতিষ্ঠানগুলো আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে অস্থিরতা দীর্ঘায়িত হলে বিকল্প উৎস বিবেচনায় নিতে পারে তারা।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, তিন সপ্তাহ ধরে আশুলিয়া, সাভার ও গাজীপুরের কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। মজুরি কেন্দ্র করে একটি মহল শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এতে পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম হুমকির মুখে পড়েছে। তিনি আরও বলেন, অধিকাংশ শ্রমিক কাজে যোগ দিতে আগ্রহী এবং শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে চান। তবে কিছু শ্রমিক বাইরের উসকানিতে কারখানার ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করছে। নিজেরা কাজ না করার পাশাপাশি অন্য শ্রমিকদেরও কাজে যোগ দিতে বাধা দিচ্ছে। এমনকি দলবদ্ধভাবে অন্য কারখানার ফটকে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও শ্রমিকদের জোর করে বের করে আনার ঘটনাও ঘটছে। এতে একদিকে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে জাতীয় অর্থনীতিও বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে।

স্পারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, আগে যেকোনো বিপদে বিদেশি ক্রেতারা (বায়ার) আমাদের পাশে এসে দাঁড়াতেন। কিন্তু এবার বৈশ্বিক বাজার পরিস্থিতি খারাপ হওয়ায় তাদের নিজেদের অবস্থাই ভালো নয়। বিক্রিও কমে গেছে। অন্যদিকে আমাদের প্রতিযোগী দেশগুলো ক্রেতাদের অনেক ভালো দাম ও সুযোগসুবিধা দিচ্ছে। এর মধ্যে আমাদের দেশে টানা দুই সপ্তাহ ধরে চলা শ্রমিক অসন্তোষকে ক্রেতারা অত্যন্ত নেতিবাচকভাবে নিয়েছেন। তারা আর কোনো কথা না বলে সমস্যা দেখামাত্রই বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ ক্রয়াদেশ সরিয়ে ত্রিপুরা, পাকিস্তান, কম্বোডিয়া ও ভিয়েতনামে নিয়ে যাচ্ছেন। আসন্ন হলিডে মৌসুমের ক্রয়াদেশের এখন চূড়ান্ত করার সময়। কিন্তু ক্রেতারা সেই নতুন অর্ডারগুলো অন্য দেশে সরিয়ে নিচ্ছেন। এমনকি গ্রীষ্মকালীন মৌসুমের যেসব অর্ডার আগে থেকেই নিশ্চিত ছিল- সেগুলোর মধ্যে যেগুলোর কাপড় বা কাঁচামাল এখনো আসেনি, সেগুলোও বাতিল করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক এবং ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মহিউদ্দিন রুবেল বলেন, পোশাক খাতের ক্ষতিকে কেবল ব্যাংকের হিসাব বা আর্থিক অঙ্কে পুরোপুরি মাপা যায় না। ব্র্যান্ড ইমেজ ক্ষুণ্ন হওয়া, বিদেশি ক্রেতাদের দীর্ঘমেয়াদি উদ্বেগ এবং আস্থার সংকটের মতো অনার্থিক ক্ষতিগুলো তাৎক্ষণিকভাবে চোখে না পড়লেও দীর্ঘমেয়াদে আমাদের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে।

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শ্রমিক অসন্তোষের জেরে কারখানা বন্ধ ও উৎপাদন ব্যাহত হওয়ায় প্রতিদিন পোশাক খাতে প্রায় ৪৫ মিলিয়ন ডলার বা প্রায় ৫০০ কোটি টাকার বেশি উৎপাদন ক্ষতি হচ্ছে। আন্দোলন এর ফলে সময়মতো শিপমেন্ট বা পণ্য সরবরাহ বিঘ্নিত হচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমর্যাদা ও ক্রেতাদের আস্থার সংকট সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, শ্রমিক অসন্তোষের কারণে কারখানা বন্ধ থাকলে আন্তর্জাতিক বাজারে আমাদের পোশাক খাতের সুনাম ক্ষুণ্ন হবে এবং ক্রেতারা মুখ ফিরিয়ে নেবেন-এটাই স্বাভাবিক। এর প্রভাব স্বল্পমেয়াদের গণ্ডি পেরিয়ে দীর্ঘমেয়াদে চলে যাবে, যা দেশের সামগ্রিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। ব্যবসা ব্যাহত হলে কারখানা মালিকরা ব্যাংক ঋণ শোধ করতে পারবেন না, ফলে খেলাপি ঋণ আরও বাড়বে। অর্থনীতির স্বার্থেই এ সংকটের দ্রুত সমাধান প্রয়োজন। তিনি বলেন, সবাইকে একসঙ্গে বসে তৈরি পোশাকশিল্প তথা পুরো অর্থনীতিকে রাজনীতির ঊর্ধ্বে রাখার পথ বের করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights