বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ শিক্ষক-শিক্ষার্থী
কক্সবাজার প্রতিনিধি
বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ জন শিক্ষক-শিক্ষার্থী। তাদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬৫ জন এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ৩১ জন রয়েছেন। কবে দ্বীপ ছাড়তে পারবেন তা নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। খাবারের বাজেটও প্রায় শেষ হয়ে আসছে তাদের। এর মধ্যে এক শিক্ষার্থীর পা ভেঙেছে। বিষয়টি নিশ্চিত করেন সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম।
আটকে পড়াদের মধ্যে জাবিপ্রবির এক শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। তার হাঁটুর প্যাটেলা স্থানচ্যুত হয়েছে। দ্বীপে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে দীর্ঘদিন আটকে থাকায় তাদের খাবারের বাজেটও প্রায় শেষ।
জাবিপ্রবির ৩১ জনের দলে দুই শিক্ষক ও ২৯ শিক্ষার্থী রয়েছেন। তাদের মধ্যে ১৩ জন নারী ও ১৬ জন পুরুষ। সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা গত ১৭ নভেম্বর ব্যাচ ট্যুরে সেন্টমার্টিনে যান। ১৯ নভেম্বর ফেরার কথা থাকলেও জাহাজ চলাচল বন্ধ হওয়ায় তারা আটকা পড়েছেন।
সেন্টমার্টিন হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার শহিদুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থীকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ ধরনের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা দ্বীপে নেই।
কোস্টগার্ড জানায়, আহত পর্যটককে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় স্থানান্তর ঝুঁকিপূর্ণ।
অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মানিকুল ইসলাম বলেন, তাদের বিভাগের ৬৫ শিক্ষক-শিক্ষার্থীও সেন্টমার্টিনে আটকা পড়েছেন। বৈরী আবহাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘টেকনাফ সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি আমাকে অনুমতি দিয়েছেন, শনিবার যদি কক্সবাজার থেকে জাহাজ চলাচল নাও হয়, যদি সাগরের অবস্থা কিছুটা ভালো হয়, আমি সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপ হয়ে টেকনাফে পৌঁছানোর ব্যবস্থা করে দেব। আশাকরি সবকিছু ঠিকঠাক থাকলে সেন্টমার্টিন থেকে টেকনাফে পৌঁছে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবেন তারা।’
তিনি আরও জানান, আটকে পড়া শিক্ষক শিক্ষার্থীদের নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।
