ইরানে ক্ষমতার পালাবদল নয়, স্থায়ী চুক্তি চান ট্রাম্প

অনলাইন ডেস্ক

ইরানে সরকার পরিবর্তনের চেয়ে দেশটির সঙ্গে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন একটি চুক্তির মাধ্যমে চলমান সংঘাতের অবসান, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে চান তিনি। তবে ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন নিয়ে নিজের বিশেষ আগ্রহ ছিল না বলেও জানিয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট।

শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের শাসনব্যবস্থার পরিবর্তন নিয়ে তিনি ‘কখনোই খুব একটা মাথা ঘামাননি’। যদিও তাঁর দাবি, এরই মধ্যে ইরানের প্রথম ও দ্বিতীয় নেতৃত্বকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এখন তৃতীয় নেতৃত্বের সঙ্গে কাজ চলছে।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আসলে ইরানের শাসনব্যবস্থা নিয়ে আমার খুব একটা মাথাব্যথা ছিল না। কেউ কেউ একে শাসনব্যবস্থার পরিবর্তন বা রেজিম চেঞ্জ বলে থাকেন। আমি ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় দলকে সরিয়ে দিয়েছি। এখন আমরা তৃতীয় দলটিকে নিয়ে কাজ করছি। সুতরাং, একে আপনি চূড়ান্ত শাসনব্যবস্থার পরিবর্তন বলতে পারেন।’

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনেই এমন মন্তব্য করেন ট্রাম্প। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সামরিক স্থাপনা এবং দেশটির বিভিন্ন নেতা ও কর্মকর্তার বাসভবন ও কার্যালয় লক্ষ্য করে যৌথ সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই অভিযানে খামেনিসহ বেশ কয়েকজন ইরানি কর্মকর্তা নিহত হন।

ইরানের বর্তমান নেতৃত্ব নিয়েও নিজের মূল্যায়ন তুলে ধরেছেন ৮০ বছর বয়সী রিপাবলিকান এই নেতা। তাঁর মতে, বর্তমান নেতারা আগের তুলনায় বেশি যুক্তিবাদী হলেও তাঁদের সঙ্গে কাজ করা বেশ কঠিন।

ট্রাম্প বলেন, ‘তাদের মনোভাব অনেক আলাদা। সম্ভবত, এরা বেশি যুক্তিবাদী। আবার এদের সামাল দেওয়াও খুব কঠিন। আমরা একটা চুক্তি করি, আর পরদিন তারাই সেই চুক্তি ভেঙে ফেলে।’

ইরানের সঙ্গে একটি দীর্ঘস্থায়ী সমঝোতায় পৌঁছানোর ওপর গুরুত্ব দিয়ে ট্রাম্প বলেন, এমন চুক্তি প্রয়োজন, যা সংঘাতের অবসান ঘটাবে, পুরো অঞ্চলে শান্তি ফিরিয়ে আনবে এবং ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights